ভারতে পারমাণবিক সরঞ্জামবাহী পাকিস্তানগামী জাহাজ আটক

পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যবহারের জন্য সরঞ্জাম পরিবহন করছে, এমন সন্দেহে মুম্বাইয়ের নাভা শেভা বন্দরে পাকিস্তানগামী একটি জাহাজ জব্দ করেছে ভারত। 

স্থানীয় কর্তৃপক্ষ বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস রোববার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, চীন থেকে সামরিক সরঞ্জাম নিয়ে পাকিস্তানে যাওয়ার পথে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো ওই জাহাজটিকে আটক করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে করাচি যাওয়ার পথে মাল্টার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজটি জব্দ করে ভারতীয় শুল্ক কর্মকর্তারা। পরে জাহাজটিতে তল্লাশি চালানো হয়। 

ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ডিআরডিও একটি দলও জাহাজের চালানটি পরিদর্শন করে। 

তল্লাশি শেষে জানানো হয়, পাকিস্তান তাদের পারমাণবিক কর্মসূচির জন্য ব্যবহার করতে পারে, জাহাজটিতে এমন সব যন্ত্র পাওয়া গেছে। এ কারণেই মুম্বাইয়ের নাভা শেভা বন্দরে জাহাজটিকে জব্দ করা হয়। 

তবে এটিই প্রথম ঘটনা নয়, সবশেষ ২০২০ সালে, চীন থেকে সামরিক সরঞ্জাম নিয়ে পাকিস্তানে যাওয়ার সময় একটি জাহাজ আটক করেছিলো ভারতের বন্দর কর্তৃপক্ষ।