ইরানে মিলেছে তিন হাজার ৬০০ বছরের পুরোনো লাল লিপস্টিক। প্রত্নতত্ত্ববিদদের ধারণা, এটিই পৃথিবীর সবচেয়ে প্রাচীন লিপস্টিক।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশের জিরোফত অঞ্চলে এই লিপস্টিক প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেছেন সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছেন ট্রাভেলস টাইমস।
পত্রিকাটি লিখেছে, এটি বিশ্বের সবচেয়ে পুরোনো লিপস্টিক এটি। খ্রিষ্টপূর্ব ১৬৮৭ সালে পৃথিবীর সবচেয়ে পুরানো রাষ্ট্র ইরানে এটি তৈরি করা হয়েছিল।
প্রত্নতত্ত্ববিদরা বলছেন, এই লিপস্টিক মূলত হেমাটাইট নামের খনিজ দিয়ে তৈরি। লিপস্টিকের লাল রঙের নেপথ্যে রয়েছে হেমাটাইট নামের অক্সাইড খনিজের উপস্থিতি। এই খনিজ থেকেই উজ্জ্বল লাল বর্ণের উৎপত্তি। লিপস্টিকটি একটি সুন্দর খোদাই করা বোতলের মধ্যে রাখা হয়েছে।
তখনকার প্রথা অনুযায়ী, দাফনের সময় মৃতদেহের সঙ্গে প্রসাধনীসহ মূল্যবান সামগ্রী দেওয়া হতো। এরকম একটি কবরস্থান থেকেই এই লিপস্টিক আবিষ্কার করা হয়।
২০০১ সালে হালিল নদী যখন বেশ কয়েকটি কবরস্থান প্লাবিত করেছিল তখন অন্যান্য প্রত্নবস্তুর সঙ্গে পাওয়া গিয়েছিলো এই লিপস্টিকের টিউব।