৪৪ বছর আগে হত্যা মামলায় ফাঁসি হওয়া পাকিস্তান পিপলস পার্টি-পিপিপি প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টো সুষ্ঠু বিচার পাননি বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
পাকিস্তানভিত্তিক ইংরেজি দৈনিক ডন এক প্রতিবেদনে জানিয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কাজি ফয়েজ ইসা বুধবার এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় তিনি বলেন, ভুট্টোর ন্যায় বিচার পাওয়ার শর্তগুলো পূরণ হয়নি এবং যথাযথ বিচার প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
সুপ্রিম কোর্টের ৯ বিচারপতির বেঞ্চের এই রায় সর্বসম্মত সিদ্ধান্ত বলে জানান তিনি।
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এ রায়কে স্বাগত জানিয়েছেন।
১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের পরাজয়ের পর ভুট্টো ইয়াহিয়া খানের স্থলে পাকিস্তানের রাষ্ট্রপতি হন। ১৯৭৩ সালে সংবিধান পরিবর্তনের মাধ্যমে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন। ১৯৭৭ সালে পুনরায় তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু অল্পদিনের মধ্যেই জেনারেল জিয়াউল হক দ্বারা সংঘটিত এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ভুট্টো।
জেনারেল জিয়া-উল-হকের সামরিক শাসনামলে ১৯৭৯ সালে ভুট্টোর বিচারের পর ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
পাকিস্তান পিপলস্ পার্টির প্রতিষ্ঠাতা জুলফিকার আলি ভুট্টোর মেয়ে বেনজির ভুট্টো পরবর্তীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। কিন্তু ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডির এক নির্বাচনী সমাবেশ শেষে সভাস্থল ত্যাগ করার পর গাড়িতে থাকা অবস্থায় আত্মঘাতী হামলায় নিহত হন তিনি। বর্তমানে পিপিপি পরিচালনা করছেন বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি।