মার্কিন যুক্তরাষ্ট্রের ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’ বা প্রতিনিধি পরিষদে পাশ হওয়া নতুন একটি বিলের কারণে এবার দেশটিতে নিষিদ্ধ হতে পারে চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। বিলে পাশ হওয়ার ফলে টিকটকের মূল মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে অ্যাপটির মালিকানা ছেড়ে দেওয়ার জন্য ছয় মাস সময় বেঁধে দেওয়া হতে পারে। আর মালিকানা হস্তান্তর করা না হলে যুক্তরাষ্ট্রে চিরতরে বন্ধ হয়ে যেতে পারে অ্যাপটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ পরিষদে বিলটি বিপুল ভোটে পাশ হয়েছে। তবে আইনে পরিণত করার জন্য এটিকে এখন সিনেটের অনুমোদন পেতে হবে।
আইনপ্রণেতারা বলেছেন, টিকটকের কারণে যুক্তরাষ্ট্রে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এছাড়াও নির্বাচনের আগে ভোটারদের চিন্তাভাবনাকেও প্রভাবিত করতে পারে চীনা অ্যাপটি। পাশাপাশি চীন সরকার তথ্য চুরি করতে এবং নিজেদের প্রচারে অ্যাপটিকে কাজে লাগাতে পারে।
যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটিরও বেশি গ্রাহক রয়েছে।
রিপাবলিকান পার্টির মাইক গ্যালাঘের বলেন, বিলটি টিকটককে চীনা কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্কচ্ছেদ করতে বাধ্য করছে।
এই বিল মার্কিন কোম্পানিগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয় জানিয়ে তিনি আরও বলেন, এটি কেবল বিদেশি প্রতিপক্ষের নিয়ন্ত্রণে থাকা কোম্পানিগুলোর ক্ষেত্রে প্রযোজ্য।
চীনে দৌয়িন নামে পরিচিত টিকটক অ্যাপটি ২০১৬ সালের সেপ্টেম্বরে বাজারে আনে চীনা কোম্পানি বাইটড্যান্স। টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইয়েমিং। বর্তমানে এটি এশিয়ার নেতৃস্থানীয় এবং বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং অ্যাপ।
সাধারণ বিনোদন ও শিক্ষার মতো বিষয় নিয়ে ভিডিও বা রিলস বানানো যায় টিকটকে। তবে অনেক সময় প্রতিবাদের প্লাটফর্ম হিসেবেও ব্যবহৃত হয় অ্যাপটি।
বর্তমানে ফিলিস্তিনের অবরুদ্ধে গাজা উপত্যকায় চলমান ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে সরব হয়েছেন টিকটক ব্যবহারকারীরা।