লন্ডনে সড়ক দুর্ঘটনায় এক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। চেষ্ঠা কোছার নামের ওই ছাত্রী লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে (এলএসই) তার পিএইচডি করছিলেন।
চেষ্ঠা আগে ভারতে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়ায় (নীতি কমিশন) কাজ করতেন।
চেষ্ঠার বাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন গত ১৯ মার্চ স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
তিনি জানান, ওই রাতে এলএসই থেকে সাইকেল চালিয়ে ফিরছিলেন চেষ্ঠা। তখনই একটি ট্রাকের সঙ্গে তার ধাক্কা লাগে।
চেষ্ঠার মৃত্যুর খবর এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন তার সাবেক সিইও অমিতাভ কান্তও। তিনি জানান, লন্ডনের পথে এক ভয়ংকর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই সম্ভাবনাময় ছাত্রীর।
ওই পোস্টে তিনি কোছারকে মেধাবী, উজ্জ্বল সম্ভাবনাময়, সাহসী এবং প্রাণচঞ্চলতায় ভরপুর একটি মেয়ে হিসেবে স্মৃতিচারণা করেছেন।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ মার্চ একটি ময়লা ফেলার ট্রাক তাকে ধাক্কা মারে। তার স্বামী প্রশান্ত কিছুটা আগেই সাইকেল নিয়ে যাচ্ছিলেন। তিনিই পিছন ফিরে দেখতে পান, ট্রাকটি কোছারকে পিষে দিয়ে চলে যাচ্ছে। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় কোছারের।