'ইরাকের মাটিতে বিদেশি সৈন্যের প্রয়োজন নেই'

ইরাকে আইসিস জঙ্গিদের মোকাবেলা করার জন্য মার্কিন সৈন্যের প্রয়োজন নেই বলে মত ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমী। 

রোববার (২৫ জুলাই) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরাকের মাটিতে বিদেশি সৈন্যদের কোন প্রয়োজন নেই। 

এসময় তিনি আরও জানান, সেনা প্রত্যাহারের জন্য সম্ভাব্য সময়সীমা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করা হবে। তবে তার আগ পর্যন্ত প্রশিক্ষণ এবং তথ্যের জন্য আমেরিকার সাহায্য নেবে ইরাক। 

ইরাকে আমেরিকার ভূমিকা কমিয়ে আনার জন্য তার উপরে বিভিন্ন রাজনৈতিক পক্ষের চাপ রয়েছে। গত বছর মার্কিন হামলায় মারা যান ইরানের জেনারেল কাশেম সোলেমানি এবং মিলিশিয়া প্রধান আবু মাহদি আল মুহান্দিস। এসব বিষয় নিয়ে আলোচনা করতেই আগামী সোমবার (২৬ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কাদিমীর বৈঠকের কথা রয়েছে। 

আরও পড়ুন: চীনের সাথে বৈঠকে বসছেন মার্কিন পররাষ্ট্র সচিব

এদিকে, দেশটিতে আইসিস জঙ্গিদের উৎপাত আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে আশঙ্কা করছেন অনেকেই। 

আর এ কারণেই এখনই বাগদাদ থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার চাইছেন না, তাও বলেছেন কাদিমী। 

আর মার্কিন কর্তৃপক্ষ বলছে, তাদের সেনারা এখন ইরাকি বাহিনীর সাথে মিলে সরাসরি লড়াই করছে না, বরং তাদের সাহায্য এখন তথ্য সংগ্রহ, নজরদারি ও সামরিক প্রযুক্তি ব্যবহারেই সীমাবদ্ধ। 

উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১১ সালে ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নেন। এরপর দেশটিতে আইসিসের হামলা বেড়ে যাওয়ায় ২০১৪ সালে আবার সেনা মোতায়েন করা হয়। 

গত এপ্রিল মাসে ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে আলোচনার পর ইরাক থেকে সেনা প্রত্যাহারের ব্যপারে ঘোষণা আসে। 


একাত্তর/এসজে