হিসাব না মেলায় ভারতের শেয়ার বাজারে ধস

ভারতের লোকসভা নির্বাচনের ভোট শেষে বুথ ফেরত জরিপে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের বড় জয়ের আভাস পাওয়ার সঙ্গে সঙ্গে দেশটির শেয়ার বাজার যেমন চাঙ্গা হয়ে উঠেছিলো। ঠিক তেমনি করেই ভোট গণনা শুরু হতেই থুবড়ে পড়েছে। সমীকরণ না মেলায় ভারতের শেয়ার বাজারে বড় ধস নেমেছে।

বুথ ফেরত জরিপের উপর নির্ভর করে সোমবার তুঙ্গে উঠেছিলো ভারতের শেয়ার বাজার। কিন্তু মঙ্গলবার নির্বাচনের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ধস দেখা যায় শেয়ার বাজারে। দুপুর সাড়ে ১২টা নাগাদ সেনসেক্স সূচক পড়ে যায় সাত শতাংশেরও বেশি। সাড়ে পাঁচ হাজার পয়েন্ট নেমে যায় সূচক। 

৭০ হাজারের স্তরে নেমে গিয়েছিলো সেনসেক্স। ওই সময়ে নিফটি ৫০ সূচক নেমেছে প্রায় সাত শতাংশ। আর ২১৬০০ এর স্তরে নেমে এসেছিলো নিফটি ৫০ সূচক। ব্য়াংক নিফটিতেও চূড়ান্ত ধাক্কা লেগেছে। চার হাজারেরও বেশি পয়েন্ট পড়েছে ব্যাংক নিফটি সূচক। ৪৬৮০০ স্তরে নেমে গিয়েছে এই সূচক।

যত ফলাফল এগিয়েছে ততই নীচে নেমেছে ভারতের শেয়ার বাজার। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার সময় সেনসেক্স নেমে যায় ৩৩০০ পয়েন্টেরও বেশি। 

সেনসেক্স এখনও রয়েছে ৭৩১৪১ পয়েন্টের আশাপেশে। নিফটি ৫০ সূচক নেমে যায় ১০০০ পয়েন্টেরও বেশি। ২২ হাজার পয়েন্টে রয়েছে নিফটি ৫০ সূচক।

লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হবার পর, প্রাথমিক ট্রেন্ডে যখন ক্রমশ বুঝা যেতে থাকে যে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট অনায়াসেই জয় পাচ্ছে না এবং তিনশ’ আসন অতিক্রম করাও তাদের জন্য কষ্টকর হয়ে উঠতে পারে, ঠিক তখন থেকেই শেয়ার বাজারেও তার প্রতিফলন দেখা যায় অবধারিতভাবে।

ভোট গণনা শুরু হয় স্থানীয় সময় সকাল ৮টায়। তখনও ভারতীয় স্টক মার্কেটের সূচক ছিল রেকর্ড উচ্চতায়। কিন্তু সকাল সাড়ে ৯টায় নিফটি সূচকের পতন হয় ৩.০৩ শতাংশ। ওই সময় নিফটি সূচক দাঁড়ায় ২২,৫৫৭। এস অ্যান্ড পি বিএসই সূচকের পতন হয়েছে ৩ শতাংশ। এখন তা দাঁড়িয়েছে ৭৪,১০৭-এ। 

মঙ্গলবার লেনদেন শুরু হবার ২০ মিনিটের মধ্যে বিনিয়োগকারীরা হারান কোটি কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বুথ ফেরত জরিপের প্রভাবেই ঊর্ধ্বমুখী ছিল সেনসেক্স ও নিফটি। হিসাব না মেলায় ধস নামছে বাজারে। বিশ্লেষকরা মনে করছেন, মোদির বিজয় নিশ্চিত হলে আবারও উঠতে পারে বাজার।