ভারতের রাজধানী নয়াদিল্লিতে তীব্র তাপদাহের মধ্যেই দেখা দিয়েছে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট। উত্তরপ্রদেশের মান্ডোলা জেলায় একটি পাওয়ার গ্রিডে আগুন লাগায় রাজধানী শহরের বেশ কয়েকটি এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
মঙ্গলবার দিল্লির বিদ্যুৎ মন্ত্রী আতিশি মার্লেনা সিংয়ের বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
আতিশি জানান, দিল্লিতে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আসে উত্তরপ্রদেশের মান্ডোলা জেলার একটি পাওয়ার গ্রিড থেকে। মঙ্গলবার ওই পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে দুপুর সোয়া দুইটার পর থেকে দিল্লির বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আজ বিকেলে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিলো। এরমধ্যে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীর কয়েক লাখ বাসিন্দা।
আতিশি বলেন, আমরা অন্যান্য বিদ্যুৎ উৎসের সাথে দিল্লির সংযোগ যুক্ত করতে কাজ করছি।
এ সংকট সমাধানে তিনি নতুন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর সাথে আলোচনা করবেন বলেও জানিয়েছেন।
আম আদমি পার্টির (এএপি) এ নেতা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, এটি উদ্বেগজনক যে জাতীয় স্তরের বিদ্যুৎ পরিকাঠামো আজ স্থবির হয়ে পড়েছে। দেশের রাজধানীতে জাতীয় গ্রিডের ব্যর্থতা বেশ উদ্বেগজনক। এমনকি যখন দিল্লির সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা আট হাজার মেগাওয়াটে পৌঁছেছে, তখন জাতীয় পরিকাঠামোর ব্যর্থতার কারণে এই বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
এদিকে এ ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন দিল্লির বাসিন্দারা।
দিল্লির বিদ্যুৎ সংস্থা বিএসইএসকে ট্যাগ করে সামাজিক মাধ্যমে এক বাসিন্দা লিখেছেন, পূর্ব দিল্লির বিবেক বিহারে বিদ্যুৎ নেই। দয়া করে এ সমস্যার সমাধান করুন। এই মৌসুমে চরম দাবদাহ চলছে। এসব সহ্য করা কঠিন।
আরেক বাসিন্দা লিখেছেন, ৪০ মিনিটেরও বেশি সময় ধরে আইপি এক্সটেন দিল্লিতে বিদ্যুৎ নেই।
দিল্লির বিদ্যুৎ পরিস্থিতি কখন স্বাভাবিক হবে সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।