ইসরাইলের গোয়েন্দা ঘাঁটিতে হিজুল্লাহর হামলা

ইসরাইলের একটি বড় গোয়েন্দা ঘাঁটিতে সরাসরি হামলা করার দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠি- হিজবুল্লাহ। ‌এক প্রতিবেদনে বৈরুতভিক্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকালের এই হামলায় জায়নবাদী আল-রাহিব ঘাঁটিতে গোয়েন্দা সরঞ্জামকে লক্ষ্যবস্তু করা হয়। 

এতে আরো বলা হয়, ইসরাইলি গোয়েন্দা সরঞ্জামের গুদামে সরাসরি আঘাত করে ধ্বংস করা হয়েছে। আগের এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছিলো, গাজায় ফিলিস্তিনি প্রতিরোধের সমর্থনে ও বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে দক্ষিণ লেবাননে আগ্রাসনের প্রতিক্রিয়া হিসাবে বেইত হিলেলে কামানের ঘাঁটি উড়িয়ে দেয় হয়। 

এছাড়া ইসরাইলের আরও একটি সামরিক স্থাপনায় হামলার দাবি জানিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি দাবি করেছে  তারা ক্ষেপণাস্ত্র দিয়ে সীমান্তের কাছে ইসরাইলেন বায়াদ ব্লিদা সামরিক চৌকিতে সরাসরি হামলা চালিয়েছে। 

এর আগে হিজবুল্লাহ আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্তের কাছে ইসরাইলে অন্য তিনটি সেনা ঘাঁটিতে গোলাবর্ষণ করা হয়েছে। দক্ষিণ লেবাননের ইয়ারুন ও মারুন আল-রাসের এলাকায় আর্টিলারি হামলা চালানোর পরে হিজবুল্লাহ এই হামলা চালায়। এসব হামলায় ঘাঁটিগুলো ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। 

রোববার, কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে যে, ইসরাইলের পশ্চিমে টাইবেরিয়াস শহরের নিমরা সামরিক ঘাঁটিতে কয়েক ডজন কাতিউশা রকেট দিয়ে বোমা হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত লেবাননভিত্তিক সসস্ত্র সংগঠন- হিজবুল্লাহ।

এর আগে গত শুক্রবার ইসরাইলের কিরিয়াত শামোনায় অবস্থিত সামরিক বাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে বড় হামলা চালায় হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, কিরিয়াত শামোনায় একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক রকেট নিক্ষেপ করা হয়। হামলায় অন্তত দু’জন ইসরাইলি সেনা আহত হয়েছে। 

উত্তর ইসরাইলের স্লোমি বসতির একটি ভবনেও রকেট হামলা হয়েছে। ভবনটি ইসরাইলের দখলদার সেনারা ব্যবহার করছিল। নিক্ষিপ্ত রকেটের একাংশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে ধ্বংস করার দাবি করেছে ইসরাইল। সেই সঙ্গে দক্ষিণ লেবাননের আল-ফাখার ও কফার শুবা এলাকার মর্টারের শেল নিক্ষেপ করেছে। 

হিজবুল্লাহর পক্ষ থেকে অধিকৃত গোলান মালভূমি এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন সেনা অবস্থানে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, ফালাক রকেটে ভারী বিস্ফোরক বোঝাই (ওয়ারহেড) করে এই হামলা চালানো হয়। 

এ সময় ইসরাইলি বাহিনীর ৭৬৯তম ব্রিগেডের প্রধান কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছ। একই দিনে গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলের কিলা বিমানঘাঁটি লক্ষ্য করেও ১০০ কাতিউশা রকেট ছোড়ার কথা জানায় হিজবুল্লাহ। এ সময় ইসরাইলি বাহিনীর ২১০তম ডিভিশনকেও হামলার লক্ষ্যবস্তু বানায় হিজবুল্লাহ।

গত অক্টোবর থেকে গাজায় ইসরাইলি অভিযানের শুরু থেকেই উত্তর ইসরাইলকে লক্ষ্যবস্ত করে ক্রমাগত হামলা করে আসছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহ। কিন্তু, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলের উত্তর সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে দেশটির সংঘাতের মাত্রা কয়েকগুণ বেড়েছে।