ট্রাম্পের ওপর হামলায় যা বললেন বাইডেন

নির্বাচনী সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামলার পর ডেলাওয়্যারের রেহোবোথ বিচে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই।

তিনি বলেন, এটা অসুস্থ। এধরনের কিছু যাতে আর কখনো না ঘটে, তার জন্য হলেও আমাদের একত্রিত হতে হবে। এ ধরনের কোনো কিছু আমরা হতে দিতে পারি না।

জো বাইডেন আরও বলেন, ট্রাম্পের র‌্যালি শান্তিপূর্ণ এবং কোনো ধরনের সমস্যা ছাড়া হওয়া উচিত।

এটা হত্যাচেষ্টা কিনা, এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, আমি এ বিষয়ে অনেক বেশি জানিনা। আমি নিশ্চিত না হয়ে এখনি কিছু বলতে পারছি না।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পর একজন পুরুষ হামলাকারী সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছে। এছাড়া একজন সমর্থকেরও মৃত্যু হয়েছে, এ ঘটনায়।

গুলির ঘটনায় ট্রাম্পের কানের উপরের অংশ ছিঁড়ে গেছে। তাছাড়া গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও দুইজনকে।

বিবিসির এক ভিডিওতে দেখা যায়, গুলির পর ট্রাম্প মেঝেতে বসে পড়ছেন এবং এরপর তিনি যখন দাঁড়ান তখন তার মুখের এক পাশে রক্ত গড়িয়ে পড়ছে।

প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

trump-feedback

এদিকে, ঘটনার পর দেয়া এক পোস্টে ট্রাম্প, দ্রুত ব্যবস্থা নেয়ায় সিক্রেট সার্ভিস ও অন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ধন্যবাদ জানান। সেই সাথে নিহত সমর্থক ব্যক্তির পরিবারের প্রতিও সমবেদনা জানান তিনি।