এক সপ্তাহের প্রচারে কমলার তহবিলে ২০ কোটি ডলার

আসন্ন যুক্তরাষ্ট্র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও তিনি প্রচারে নেমে গেছেন। আর সপ্তাহের ব্যবধানে সংগ্রহ করেছেন প্রায় ২০ কোটি ডলারের তহবিল।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আরও একশ’ দিন বাকি। জো বাইডেন ডেমোক্র্যাট প্রার্থীর পদ থেকে সরে দাঁড়ানোর পর ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্টই কমলা হ্যারিসের নামই সবার মুখে।

কমলার সহকারী প্রচার ব্যবস্থাপক রব প্ল্যাহার্টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বলেন, আমরা গত এক সপ্তাহ ধরে প্রচার শুরু করেছি। এর মধ্যে কমলা হ্যারিস ২০ কোটি ডলার তুলে ফেলেছেন। দাতাদের ৬৬ শতাংশই নতুন ডোনার। আমরা ১৭ হাজার নতুন স্বেচ্ছাসেবীকেও সই করিয়েছি।

ইতিমধ্যেই বিল ক্লিনটন, বারাক ওবামা, ন্যান্সি পেলোসির মতো বড় বড় ডেমোক্র্যাটিক নেতা কমলা হ্যারিসকে সমর্থন করার কথা জানিয়েছেন।

আগস্টে অনলাইন ভোটের মাধ্যমে নতুন প্রার্থীকে বেছে নেবে ডেমোক্র্যাটিক পার্টি। তারপরই সম্ভবত আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসাবে কমলার নাম জানাবে তারা।

সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, জনপ্রিয়তায় ডোনাল্ড ট্রাম্পকে প্রায় ছুঁয়ে ফেলেছেন কমলা হ্যারিস। ইউরোপেও কমলার জনপ্রিয়তা বেড়েছে।