ডেল্টা ধরনের বিস্তারে চীনের কপালে ভাঁজ!

চীনের আরও বেশ কিছু অঞ্চলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায়, অতিমাত্রায় সংক্রামক ডেল্টা ধরন প্রতিরোধে দেশটির সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

গেল দশ দিনে চীনে তিনশ’র বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এ ঘটনা এখন দেশটির গণমাধ্যমে প্রধান শিরোনাম। শুধু তাই নয়, স্বাস্থ্য প্রশাসনও গভীর উদ্বেগ জানিয়েছে।

এরিমধ্যে ডেল্টার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ হিসাবে লাখে লাখে করোনা পরীক্ষা ও নতুন করে বিভিন্ন এলাকায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ। 

চীনে কতজন মানুষের টিকাকরণ শেষ হয়েছে এ সম্পর্কে পরিস্কার কোন চিত্র না থাকলেও কর্তৃপক্ষ দাবি করেছে, এখন পর্যন্ত ৬ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে।

চীনজুড়ে ১৫ প্রদেশ ও মিউনিসিপ্যালে করোনা সংক্রমণের নিশ্চিত খবর পাওয়া গেছে। এই সংক্রমণের শুরুটা হয়েছিলো জিয়াংসু প্রদেশের নানজিং থেকে। 

আয়তন ও জনসংখ্যা হিসাবে চীনে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিপজ্জনক না হলেও, ভাইরাস প্রতিরোধে দেশটির কঠোর অবস্থানের জন্য হুমকি হিসাবেই দেখা হচ্ছে। 

আরও পড়ুন: দাবানলে পুড়ছে ইউরোপ

জুলাইতে, নানজিং বিমানবন্দরের ১৩ পরিচ্ছন্নতা কর্মীর দেহে করোনা শনাক্ত হবার পর, সেখানকার ৯২ লাখ বাসিন্দার করোনা পরীক্ষা করানো হয়েছে। 

সংক্রমণ ছড়িয়েছে চীনের রাজধানী বেইজিংয়েও। সেখানে শনাক্ত রোগীদের বেশিরভাগ স্থানীয় সংক্রমণের শিকার। এরপরই নড়েচড়ে বসে শহর কর্তৃপক্ষ।

বেইজিংয়ের যেসব এলাকায় করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে, সেসব এলাকাকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে রেল, বাস ও উড়োজাহাজ যোগাযোগ। 

সেই সঙ্গে সব ধরনের পর্যটকদের জন্য বেইজিংয়ে প্রবেশ বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র জরুরি প্রয়োজনে করোনার নেগেটিভ সনদ নিয়ে সরকারি কর্মকর্তাদের প্রবেশ করতে দেয়া হচ্ছে।

যেই উহান থেকে মহামারীর যাত্রা শুরু, সেখানেও হানা দিয়েছে ডেল্টা। গেল বছরের জুন থেকে শহরটিতে করোনা রোগী ছিলো শূণ্যের কোঠায়, সেখানে নতুন করে সংক্রমিত হয়েছে সাতজন।


একাত্তর/এসজে