নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল ভারত

এক নারী চিকিৎসকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা ভারত। দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। এসব কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে হাজার হাজার মানুষ রাতভর রাজপথে ছিলেন। সারা দেশের চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিবাদ তুঙ্গে উঠেছে।  

বৃহস্পতিবার দিল্লিতে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া ভাষণে নরেন্দ্র মোদী নারীর বিরুদ্ধে সহিংসতায় রাজ্য সরকারগুলোকে আরও কঠোর হওয়ার আহবান জানিয়েছেন। খবর এনডিটিভি, রয়টার্স, বিবিসি। 

মোদী বলেন, মা-বোনদের বিরুদ্ধে নৃশংসতার ঘটনাগুলো নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে। দেশকে, সমাজকে এবং আমাদের রাজ্য সরকারগুলোকে এসব ঘটনা প্রতি আরও গুরুত্ব দিতে হবে। নারীর বিরুদ্ধে যে কোনো অপরাধের ক্ষেত্রে দ্রুততম সময়ে তদন্ত শেষ করতে হবে।

india2

মোদী আরও বলেন, যারা এসব পৈশাচিক কাজের সঙ্গে জড়িত, তাদেরকে শিগগির সবচেয়ে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। সমাজে আস্থা ফিরিয়ে আনতে এটা প্রয়োজন। 

গত শুক্রবার ভোরে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের চারতলায় ডিউটি শেষ করে বিশ্রাম নেওয়া এক ছাত্রীর মরদেহ পাওয়া নিয়ে। অভিযোগ,ওই নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।এ নিয়ে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে আরজি কর হাসপাতালসহ পশ্চিমবঙ্গের রাজনীতি।

এই ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে রাস্তার বিক্ষোভ বুধবার রাত ১১টা ৫৫ মিনিট থেকে ভারতের স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গতি রেখে শুরু হয়;যা কলকাতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গাসহ অন্যান্য ছোট-বড় শহরগুলোতে ছড়িয়ে পড়ে।পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় ‘রাতের দখল নাও’ কর্মসূচি পালন করেন নারীরা। 

india3

এই কর্মসূচির আওতায় রাত ১২টার আগেই হাজার হাজার মানুষ কলকাতার রাস্তায় নেমে আসে।এর মধ্যেই বিক্ষোভকারীদের একটি দল আর জি কর হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।

তাদের এই রাত দখলের আন্দোলনে রাস্তায় রাত কাটিয়েছেন টলিউড তারকাদের অনেকে। এই তালিকায় ছিলেন দিতিপ্রিয়া রায়, ঋতব্রত মুখোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, তৃণা সাহা, রাজনন্দিনী পাল, অর্ণব বন্দ্যোপাধ্যায়, তুহিনা দাস, রণিতা দাসের মতো বহু তারকারা। আরও যোগ দেন রূপা গাঙ্গুলী, সুদীপ্তা চক্রবর্তী, সঙ্ঘশ্রী সিনহা, মিমিসহ আরও অনেকেই। আন্দোলনকারীদের সঙ্গে রাস্তাতেই রাত কাটিয়েছেন তারা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বুধবার জানান, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের তদন্ত প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা করবে।

তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের মদদে বিজেপি ও সিপিএম পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলাকে (পশ্চিমবঙ্গ) অবমাননা করার সমন্বিত উদ্যোগ হাতে নিয়েছে।তারা বাংলাদেশের শিক্ষার্থী আন্দোলনে উৎসাহিত হয়ে একইভাবে ক্ষমতা দখলের চেষ্টা চালাচ্ছে। কিন্তু তারা সফল হবে না।

এদিকে, কলকাতায় নারী চিকিৎসকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে ভারতের বিভিন্ন শহরে।রাতের আঁধারে মোমবাতি জ্বেলে রাজপথে নেমে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই ঘটনায় বিচারের দাবিতে গর্জে উঠে পুরো ভারতবাসী।থেমে নেই বলিউড অঙ্গনও।

অনেক তারকাকে দেখা গেছে দিন রাত মাঠে থাকতে।অভিনেতা আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী আলিয়া ভাট রাজপথে নেমে এসেছেন বিচারের দাবিতে। কলকাতার তিলোত্তমার জন্য কবিতা পাঠ করেন আয়ুষ্মান।নির্ভয়ার পর আবারও এমন এক ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বলিউডের নামী তারকা আলিয়া ভাট।