জীবনযাত্রার ব্যয় কমাতে কমলা হ্যারিসের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস জীবনযাত্রার ব্যয় কমাতে বেশ কয়েকটি প্রস্তাব ঘোষণা করেছেন। অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসাবে তিনি এসব নীতির কথা জানিয়েছেন।

স্থানীয় সময়ে শুক্রবার তিনি জানান, নিত্যনৈমিত্তিক জিনিস (গ্রোসারি) বা মুদিখানার খরচ বাড়াতে চাওয়া কোম্পানিগুলোর ওপর ‘কঠোর শাস্তি’ আরোপ করা হবে।

তিনি বলেছেন, প্রাথমিক পর্যায়ে দাম কমানো গেলে আবাসনগুলোকে আরও সাশ্রয়ী করা সম্ভব। আমেরিকানদের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব। উত্তর ক্যারোলিনায় প্রচারণার সময় কমলা বলেন, খরচ বেড়েই চলেছে। খাবার, ভাড়া, গ্যাস, স্কুলের জামা, প্রেসক্রিপশনের ওষুধ। এত কিছু খরচের পরে অনেক পরিবারের জন্য, মাসের শেষে হাতে আর খুব বেশি টাকা থাকে না।

কমলার প্রস্তাবে বলা হয়েছে, ফেডারেল ট্রেড কমিশনকে বড় কর্পোরেশনগুলোকে শাস্তি দেয়ার আহ্বান জানানো হবে, যদি সেগুলো মূল্যবৃদ্ধিতে জড়িত বলে জানা যায়। তবে এটা কংগ্রেসে পাস হতে হবে।

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, হ্যারিস প্রথমবার বাড়ি কেনা কিছু মানুষের জন্য ২৫ হাজার ডলার ঋণ এবং নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে কর ছাড়ের প্রস্তাবও করেছেন।

তিনি পরিবারের জন্য কর বিরতির কথাও বলেছেন, যার মধ্যে নবজাতকদের পরিবারগুলোর জন্য ছয় হাজার ডলার পর্যন্ত নতুন ‘চাইল্ড ট্যাক্স ক্রেডিট’ রয়েছে।