সংসদে আস্থা ভোটে অনুমোদন পেলো পেজেশকিয়ানের মন্ত্রিসভা

ইরানের নতুন মন্ত্রিসভাকে অনুমোদন দিয়েছে দেশটির জাতীয় সংসদ-মজলিস। ইরানের নবম প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মনোনীত মন্ত্রিসভার সদস্যদের বিষয়ে পাঁচ কর্মদিবসে বিস্তারিত বিতর্ক ও পর্যালোচনা শেষে এই অনুমোদন দেয়া হয়েছে। 

ইরানভিত্তিক প্রেসটিভি জানিয়েছে, বুধবার সংসদের এক অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে মন্ত্রিসভার সদস্যদের নির্বাচিত করে মজলিস।    

ভোটের আগে পেজেশকিয়ান সংসদে ভাষণ দেন এবং "ঐক্য ও সংহতির" আহবান জানিয়ে তার মনোনীত প্রার্থীদের অনুমোদন করার অনুরোধ জানান।

এর আগে পেজেশকিয়ান নতুন মন্ত্রিসভার জন্য ১৯ জনের নাম প্রস্তাব করেছিলেন। আজ ১৯ জনের নামই গৃহীত হয়েছে।  

নতুন মন্ত্রিসভায় অন্যতম গুরুত্বপূর্ণ পররাষ্ট্রমন্ত্রীর পদ পেয়েছেন আব্বাস আরাকচি। এর আগে তিনি হাসান রুহানি সরকারের সময় অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ছয় জাতিগোষ্ঠীর সাথে পরমাণু আলোচনার ক্ষেত্রেও তিনি বিশেষ ভূমিকা পালন করেন।  

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার ১২ দিন পর গত ১১ আগস্ট নতুন মন্ত্রিসভার নাম প্রস্তাব করেন মাসুদ পেজেশকিয়ান। 

নতুন মন্ত্রিসভার সদস্যরা হলেন-  

যোগাযোগমন্ত্রী: সাত্তার হাশেমী 
গোয়েন্দা মন্ত্রী: সৈয়দ ইসমাঈল খতিব 
অর্থমন্ত্রী: আবদুল নাসের হেমতি 
পররাষ্ট্রমন্ত্রী: আব্বাস আরাকচি 
শিক্ষামন্ত্রী: আলীরেজা কাজেমি
স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষামন্ত্রী: মোহাম্মদ রেজা জাফরগান্দী 
সমবায়, শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী: আহমদ মেদারি 
বিচারমন্ত্রী: আমিন হোসেন রহিমি
প্রতিরক্ষা মন্ত্রী: আজিজ নাসিরজাদেহ 
সড়ক মন্ত্রী: মিসেস ফারজানেহ সাদেগ মালভাজার্ড 
শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী: মোহাম্মদ আতাবক 
বিজ্ঞানমন্ত্রী: হোসেন সিমায়ী সররফ 
সংস্কৃতিমন্ত্রী: সৈয়দ আব্বাস সালেহ শরীয়তী 
কৃষিমন্ত্রী: গোলামরেজা নুরি গেজেলজেহ
স্বরাষ্ট্রমন্ত্রী: এস্কান্দার মোমেনি 
সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন এবং হস্তশিল্প মন্ত্রী: মোহাম্মদরেজা সালেহি আমিরি 
তেলমন্ত্রী: মোহসেন পাকনেজাদ 
জ্বালানি মন্ত্রী: আব্বাস আলিয়াবাদী 
ক্রীড়া ও যুব মন্ত্রী: আহমদ দোনিয়ামালি