পাকিস্তানে অতর্কিত হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্দুকধারীদের অতর্কিত হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। এখন পর্যন্ত কেউই এ হামলার দায় স্বীকার করেনি।

বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলার কাচা শহরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

ওই অঞ্চলে ডাকাতের সন্ধানে টহল দিচ্ছিলো পুলিশ সদস্যরা। এসময় তাদের ওপর অতর্কিত হামলা হয়।  

পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা সম্ভবত ডাকাত এবং সশস্ত্র দলের সদস্য নয়।

পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ডাকাতরা রকেট লঞ্চার দিয়ে পুলিশের গাড়িতে হামলা চালায়।

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে ডাকাত দমনে প্রায়ই অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। তারা গ্রামীণ বনাঞ্চলে লুকিয়ে থাকে এবং মানুষকে অপহরণ করে প্রায়ই মুক্তিপণ আদায় করে। সাম্প্রতিক মাসগুলোতে তারা বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বিবৃতিতে দায়ীদের বিরুদ্ধে "অবিলম্বে এবং কার্যকর ব্যবস্থা" নেয়ার আহবান জানিয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলার সংখ্যা বেড়েছে, কিন্তু একক হামলায় এত বেশি সংখ্যক পুলিশ নিহত হওয়ার ঘটনা বিরল।

এর আগে বৃহস্পতিবার, বন্দুকধারীরা পাঞ্জাবের একটি স্কুল ভ্যানে গুলি চালায়, এতে দুই শিশু নিহত এবং ছয়জন আহত হয়। পুলিশ জানিয়েছে, ওই হামলার দায়ও কেউ স্বীকার করেনি।