নেপালে ৪০ ভারতীয়কে নিয়ে নদীতে পড়লো বাস, নিহত ১৪

নেপালে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন। নিহত এবং আহতরা সবাই ভারতীয় নাগরিক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি'র প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকালে নেপালের তানাহুন জেলায় এ দুর্ঘটনা ঘটে।  

৪০ জন যাত্রী নিয়ে বাসটি নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর পোখরা থেকে রাজধানী কাঠমান্ডু যাচ্ছিলো। 

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ভারতের উত্তরপ্রদেশ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি তানাহুন জেলার মারস্যংদী নদীতে পড়ে পানিতে তলিয়ে যায়। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছেছে।

 

গেলো মাসে নেপালের চিতওয়ান জেলায় একটি বিধ্বংসী ভূমিধসে দুটি বাস ত্রিশূলী নদীতে ভেসে যায়, এতে অন্তত পাঁচজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়।