মমতার বাড়িসহ একদিনে তিন স্থাপনা ঘেরাও, ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে তার কালীঘাটের বাড়ি অভিযানের ঘোষণা দিয়েছেন রাজ্যের বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন ও লালবাজারে পুলিশ সদর দপ্তর অভিযানের ঘোষণাও দিয়েছেন তিনি। এই ঘোষণার পর ইতিমধ্যে কালীঘাট থানায় এলাকায় ৬০ দিনের জন্য ১৬৩ ধারা জারি করেছে কলকাতা পুলিশ।

বুধবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বন্ধের সমর্থনে মিছিল করেন এই বিজেপি নেতা। সেখান থেকেই এই ঘোষণা দেন তিনি। 

তবে কবে এই কর্মসূচি পালিত হবে সে ব্যাপারে কিছু না জানিয়ে শুভেন্দু বলেন, প্রস্তুত থাকুন, একদিনে তিনটি অভিযান হবে। 

আরজি কর কাণ্ডের প্রতিবাদে লাগাতার বিক্ষোভ-আন্দোলনের ফলে তীব্র অস্বস্তিতে পড়েছে পশ্চিমবঙ্গ সরকার। এরই মধ্যে গত মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযান এবং বুধবার বিজেপির বাংলা বনধের জেরে চরম বিড়ম্বনায় পড়েছে শাসক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হয়েছে বিজেপি। এরই মধ্যে এলো একদিনে তিনটি অভিযানের ঘোষণা। 

এদিকে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে পালিয়ে যাওয়া, তার বাসস্থান গণভবনে তাণ্ডবের ঘটনা সরাসরি উল্লেখ না করে বলেন, এটা বাংলাদেশ নয়। বিজেপি যদি পশ্চিমবঙ্গ অশান্ত করার চেষ্টা করে তাহলে সেভেন সিস্টার্সও অশান্ত হবে। দিল্লিতে মোদীর গদিও নাড়িয়ে দেবেন বলে হুশিয়ারি দেন তিনি। 

ঠিক তারপর বিজেপি বিধায়কের এক দিনে তিন অভিযান ঘোষণা, আর পুলিশের ১৬৩ ধারা জারি করায় পশ্চিমবঙ্গের রাজনীতি অশান্ত হয়ে ওঠার ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।