সাংবাদিকসহ ৯২ মার্কিন নাগরিকের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের ১৪ সাংবাদিক এবং একাধিক সামরিক কোম্পানির প্রধানসহ মোট ৯২ জন মার্কিন নাগরিকের বিরুদ্ধে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

বার্তা সংস্থা এপি এবং জাপানের এনএইচকে জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। 

বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের রাশিয়ার অনেক আইন প্রণেতা ও ব্যবসায়ীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার মধ্যে দিয়ে রুশ বিরোধী মনোভাব উস্কে দেয়ার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

নিষিদ্ধ সাংবাদিকদের তালিকায় ওয়াল স্ট্রিট জার্নালের ১৪ জন, নিউইয়র্ক টাইমসের পাঁচজন এবং ওয়াশিংটন পোস্টের চারজন সাংবাদিক রয়েছেন। 

রুশ মন্ত্রণালয়ের অভিযোগ, এই সংবাদমাধ্যমগুলো রাশিয়া ও রাশিয়ার সামরিক বাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য তৈরি ও প্রচারে জড়িত রয়েছে। 

এ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের একজন মুখপাত্র এনএইচকে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন স্বাধীন সংবাদমাধ্যম ও সত্যের ওপর সর্বাত্মক হামলা চালানোর কট্টর ধারাবাহিকতা বজায় রেখেছে। 

একইসঙ্গে তালিকাকে হাস্যকর আখ্যা দিয়েছেন এই মুখপাত্র। 

মস্কো এখন পর্যন্ত দুই হাজারের বেশি মার্কিন নাগরিকের বিরুদ্ধে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।