নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত শতাধিক

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় একটি গ্রামে উগ্রপন্থি সশস্ত্র সংগঠন বোকো হারামের হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, গেলো রোববার সন্ধ্যায় নাইজেরিয়ার ইয়োবে রাজ্যের টারমুওয়া কাউন্সিল এলাকায় এই হামলার ঘটনাটি ঘটে।  

ইয়োবে পুলিশের মুখপাত্র ডুঙ্গুস আব্দুল করিম জানিয়েছেন, রোববার সন্ধ্যায় মোটরসাইকেলে ৫০ জনেরও বেশি চরমপন্থি ইয়োবে রাজ্যের টারমুওয়া কাউন্সিল এলাকায় প্রবেশ করে এবং বেশ কয়েকটি বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেয়। ভবনে আগুন দেওয়ার আগে গুলি চালাতে শুরু করে তারা।

তিনি আরও বলেন, বাজারে গুলি করা ও স্থানীয় ভবনগুলোতে আগুন ধরিয়ে দেয়ার পর জঙ্গিরা অন্যান্য বাসিন্দাদের ধাওয়া করে ঝোপের মধ্যে ফেলে দেয় এবং সেখানে তাদের উপর এলোপাতাড়ি গুলি বর্ষণ করে।

মাফা গ্রামে স্থানীয় প্রতিরক্ষা বাহিনীর সন্দেহভাজন দুই বোকো হারাম যোদ্ধা হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা আব্দুল করিমের।

স্থানীয় বাসিন্দারা বলছেন, মৃতের সংখ্যা একশ’ ছাড়িয়ে যাবে নিশ্চিত। কারণ, ঘটনার পর থেকে অনেক গ্রামবাসী নিখোঁজ রয়েছেন।

তবে হামলার বিষয়ে বোকো হারামের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি আসেনি।  


 
বোকো হারাম এবং অন্যান্য সশস্ত্রগোষ্ঠী উত্তর-পূর্ব নাইজেরিয়ায় গত ১৫ বছর ধরে সহিংসতা চালিয়ে আসছে। এসব হামলায় এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

মধ্য ও উত্তর-পশ্চিম নাইজেরিয়া বছরের পর বছর ধরে ‘দস্যু’ নামে পরিচিত অপরাধীদের দল দ্বারা জর্জরিত। এসব দস্যুরা গ্রামে হামলা চালায়, বাসিন্দাদের হত্যা, অপহরণ করে এবং লুটপাট করার পর বাড়িঘর পুড়িয়ে দেয়। 

যুক্তরাষ্ট্রভিত্তিক সশস্ত্র সংঘর্ষের অবস্থান ও ইভেন্ট ডেটা প্রজেক্ট (এসিএলইডি) বলছে, বোকো হারামের হামলায় চলতি বছর এ অঞ্চলে অন্তত দেড় হাজার মানুষ নিহত হয়েছে।