জাপানে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটগ্রহণ শুরু

জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) পরিবর্তী সভাপতি নির্বাচনের লক্ষ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। সভাপতি পদের জন্য ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন। বিজয়ী প্রার্থীই হবেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। 

জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরু হয়। আগামী ২৭ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষ হবে এবং একইদিনে হবে ভোট গণনা। 

এলডিপির সংসদ সদস্য এবং দলের সাধারণ সদস্যরা এই নির্বাচনে ভোট দিতে পারবেন। 

এবারের প্রার্থীরা হলেন- অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী তাকাইচি সানায়ে, প্রাক্তন অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী কোবাইয়াশি তাকাইউকি, চিফ ক্যাবিনেট সেক্রেটারি হাইয়াশি ইয়োশিমাসা, প্রাক্তন পরিবেশ মন্ত্রী কোইযুমি শিনজিরো, পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইয়োকো, প্রাক্তন চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাতো কাৎসুনোবু, ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী কোনো তারো, এলডিপি'র সাবেক মহাসচিব ইশিবা শিগেরু এবং বর্তমান মহাসচিব মোতেগি তোশিমিৎসু।

এর আগে গেলো মাসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, সেপ্টেম্বরে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। 

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

কারণ হিসেবে বলেছেন, ক্ষমতাসীন দলে যে সত্যিকার অর্থে পরিবর্তন এসেছে জাপানের জনগণকে তা দেখিয়ে দিতে দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি।

তবে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এলডিপির বেশ কিছু আর্থিক কেলেঙ্কারি সামাল দেওয়ায় ব্যর্থতাই এই সিদ্ধান্ত নিয়েছেন কিশিদা। এছাড়া দলের ভেতরে ঘটে যাওয়া তহবিল কেলেঙ্কারি সামাল দিতে কিশিদা বেশ কিছু পদক্ষেপ নিলেও জাপানের জনগণ তার সেই পদক্ষেপে খুব বেশি আস্থা রাখতে পারেননি। ফলে তার জনসমর্থনে ধস নেমেছে। 

তবে জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় কিশিদার সরে যাওয়ায় দলের সামনে তাৎক্ষণিক কোনো সংকট নেই। দলীয় সভাপতির নির্বাচনে বিজয়ী প্রার্থীই হবেন জাপানের নতুন প্রধানমন্ত্রী।