বুস্টার ডোজ বন্ধ রাখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান

করোনার বুস্টার ডোজ আগামী সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখতে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির প্রধান ডা. টেড্রোস আধানম গেব্রিয়েসাসের মতে, বুস্টার ডোজ স্থগিত করা হলে বিশ্বের সব দেশের অন্তত ১০ শতাংশ মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে।

বুধবার (৪ আগস্ট)  বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, টিকা সরবরাহের অভাবে নিম্ন আয়ের দেশগুলোতে প্রতি ১০০ জনে মাত্র দেড় জনকে টিকা দেওয়া সম্ভব হয়েছে।

ডা. টেড্রোস বলেন, উন্নত দেশগুলোর বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা পরিবর্তন করা দরকার। বেশিরভাগ টিকা নিম্ন আয়ের দেশগুলোতে যাওয়া উচিত।

তিনি আরো বলেন, আমি বুঝতে পারছি সব দেশের সরকারই তাদের জনগণকে ডেল্টা ধরন থেকে সুরক্ষা দিতে চায়। কিন্তু ইতিমধ্যে যে দেশগুলো বিশ্বে উৎপাদিত করোনা টিকার বেশিরভাগই ব্যবহার করেছে, তারা আরও টিকা ব্যবহার করতে চাইছে, মেনে নেওয়া যায় না।  

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে প্রবেশে টিকা বাধ্যতামূলক করার পরিকল্পনা

করোনার ডেল্টা ধরনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এরইমধ্যে করোনা টিকার তৃতীয় ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছে অনেক দেশ।

ইসরাইল এবং জার্মানি তাদের নাগরিকদের করোনা টিকার তৃতীয় ডোজ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে। এমনটা করা হলে নিম্ন আয়ের দেশগুলোর টিকা পাওয়ার সম্ভাবনা আরও কমবে। 


একাত্তর/আরবিএস