ফিলিস্তিন-ইসরাইল দ্বি-রাষ্ট্রীয় সমাধান নিয়ে স্পেনে বৈঠক

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বি-রাষ্ট্রীয় সমাধান এগিয়ে নেওয়ার লক্ষ্যে মুসলিম ও ইউরোপীয় দেশগুলোর মন্ত্রীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছে স্পেন।

স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার বৈঠকটি অনুষ্ঠিত হবে। এর মধ্যদিয়ে গাজার জন্য আরব-ইসলামিক কন্টাক্ট গ্রুপের সদস্যরা একত্রিত হবে। এরমধ্যে মিশর, কাতার, সৌদি আরব এবং তুরস্কের মতো দেশ থাকবে। তবে বৈঠকে কারা অংশ নেবে বিবৃতিতে তার বিশদ বিবরণ দেয়া হয়নি।

স্প্যানিশ শীর্ষ কূটনীতিক জোসে ম্যানুয়েল আলবারেস আয়োজিত মধ্য মাদ্রিদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের আগে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার সরকারি বাসভবনে অংশগ্রহণকারীদের স্বাগত জানাবেন। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেলও আলোচনায় অংশ নেবেন।

বিবৃতিতে আরও বলা হয়, মন্ত্রী পর্যায়ের বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততা জোরদার করার প্রয়োজনীয়তা এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে এগিয়ে যাওয়ার পথে একটি আন্তর্জাতিক ঐকমত্য তৈরির চ্যালেঞ্জ নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাবে।

এর আগে সানচেজের স্পেন সরকার গেলো ২৮ মে আয়ারল্যান্ড এবং নরওয়ের সাথে আনুষ্ঠানিকভাবে গাজা উপত্যকা এবং পশ্চিম তীর নিয়ে গঠিত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

সবশেষ চলতি মাসের শুরুর দিকে তিনি ঘোষণা করেছেন, এ বছরের শেষের দিকে প্রথম ‘স্পেন ও ফিলিস্তিনের মধ্যে দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, সম্মেলনে ‘স্পেন ও ফিলিস্তিনের মধ্যে বেশ কিছু সহযোগিতা চুক্তি’ সই হবে।