আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা যে ‘ব্যর্থ’ নিষেধাজ্ঞার নীতি অনুসরণ করে তা পরিবর্তন করাই ভালো হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
শনিবার তিনি বলেন, পশ্চিমা দেশগুলো এখনো জানে না যে- নিষেধাজ্ঞাগুলো ব্যর্থ হাতিয়ার পরিণত হয়েছে এবং তারা নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের ওপর তাদের নিজস্ব এজেন্ডা চাপিয়ে দিতে পারে না।
তিনি বলেন, নিষেধাজ্ঞাগুলো চাপ ও সংঘর্ষের হাতিয়ার। সহযোগিতার হাতিয়ার নয় এবং এটি ব্যর্থ হয়েছে।
ইরান তার পথ চলা অব্যাহত রাখবে- এমন সংকল্প পুনর্ব্যক্ত করে আব্বাস আরাকচি বলেন, তেহরান বিতর্কিত বিষয়ে একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছানোর জন্য গঠনমূলক আলোচনা ত্যাগ করেনি। তবে, আলোচনা হতে হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে, হুমকি ও চাপ বাদ দিতে হবে।
আরাকচি বলেন, পশ্চিমারা এখনো অন্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যর্থ নীতি সম্পর্কে আশাবাদী এবং এই ধরনের পরাজিত অভিজ্ঞতার ভিত্তিতে কাজ করছে।
পার্সটুডের খবরে বলা হয়েছে, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা সম্প্রতি ইরানের রপ্তানি ও রাশিয়াকে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অভিযোগ তোলার পর আব্বাস আরাকচি এসব কথা বললেন।