তাজমহলের দেয়ালে ফাটল ও গম্বুজে ক্ষত!

তাজমহল! পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। মুঘল সম্রাট শাহজাহানের প্রগাঢ় প্রেমের নিদর্শন। স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসার নিদর্শন হিসাবে মৃত্যুর পর সমাধিস্থলে সম্রাট শাহজাহান যে বিশাল এবং অপূর্ব স্থাপনাটি তৈরি করেন, সেটির নামই তাজমহল। যা দেখতে প্রতি বছর ছুঁটে যান হাজার হাজার পর্যটক।

এই স্থাপনাটি মোঘল স্থাপত্যশৈলীর অন্যতম উল্লেখযোগ্য নিদর্শন। ১৯৮৩ সালে ইউনেস্কো তাজমহলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়। অপূর্ব ও নিখুঁত নির্মাণশৈলী এবং ডিজাইনের জন্য গোটা বিশ্বে স্থাপত্য শিল্পের ইতিহাসে তাজমহল এক উচ্চাসন দখল করে আছে।

তবে, ভারতের ইতিহাস এবং ঐতিহ্যকে সমৃদ্ধ করে রাখা এই স্থাপনাটির দায়সারা রক্ষণাবেক্ষণ নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে, রয়েছে সমালোচনা। এমন পরিস্থিতির মধ্যেই গত সপ্তাহে আগ্রায় ভারী বৃষ্টিপাতের কারণে তাজমহলের দেয়াল ও মেঝেতে একাধিক ফাটল ও ক্ষত দেখা দিয়েছে। 

টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহেই জানা গিয়েছিলো টানা বৃষ্টিতে বেহাল অবস্থা তাজমহলের। এবার জানা গেলো ফাটলের কথাও। লাগাতার বৃষ্টির প্রকোপেই এই ফাটল সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গেই তাজমহলের গায়ে বেড়ে উঠতে দেখা গিয়েছে গাছের ডালপালাও!

গত কয়েকদিন যে পরিমাণ বৃষ্টি দিল্লি ও আগ্রাতে হয়েছে তা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বন্ধ রাখা হয়েছে বহু স্কুল। এই পরিস্থিতিতে তাজমহলকে নিরাপদ রাখতে পানি নিষ্কাসন ব্যবস্থার ওপরে জোর দেওয়া হয়েছে। এর আগে তাজমহলের মূল গম্বুজ ফুটো হয়ে যাওয়ার কথা সামনে এসেছে।

আগ্রা সার্কেলের আর্কিওলজিক্যাল বিভাগের সুপার রাজকুমার প্যাটেল জানান, শুধু তাজমহল নয়, অন্য স্মৃতিসৌধগুলোয় একই সমস্যা দেখা দিয়েছে। সবখানেই ধুলো জমে যায়। পানির ছোঁয়া ও পাখির উৎপাতও রয়েছে। এর থেকে বাঁচতে গাছের পাতাগুলো পাঁচ থেকে আট সেন্টিমিটার বড় হতেই সরিয়ে ফেলা হয়। 

তিনি আরও বলেন, গাছ আরও বড় হয়ে গেলে সেগুলো মূল মহলের আরও গভীরে প্রবেশ করবে। যা থেকে ক্ষতি হবে স্থাপত্যের। তাই গাছ বেরনোর আট-দশ দিনের মধ্যেই কেটে ফেলা হয়। সেই সঙ্গেই মূলধ্বংসী ও কীটনাশকও প্রয়োগ করা হয়। কিন্তু এতো কিছুর পরেই শেষ রক্ষা হচ্ছে না। 

ট্যুরিস্ট গাইড ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক শাকিল চৌহান বলেন, মূল গম্বুজের চারপাশের দরজাগুলোতে আরবি ভাষায় কুরআনের আয়াত খোদাই করা আছে, যার অক্ষরগুলো জীর্ণ হয়ে গেছে। জটিল কৌশলে দেয়ালে জড়ানো আধা-মূল্যবান পাথরগুলোও সময়ের সঙ্গে ক্ষয়ের মুখোমুখি। 

চৌহান বলেন, পশ্চিম দিকে, রাজকীয় মসজিদের সামনের মেঝে থেকে পাথর কেটে গেছে। মূল সমাধির কিছু অংশ এবং আইকনিক গম্বুজের দেয়ালে ক্ষত দেখা গেছে। তবে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দাবি করেছে তাজমহলে কোন গুরুতর কাঠামোগত সমস্যা নেই।

সংস্থাটি আরও জানিয়েছে, তাজমহলের রক্ষণাবেক্ষণে ব্যয় করা তহবিল সময়ে সময়ে অডিট করা হয়। এখন পর্যন্ত এই অডিটগুলোতে কোনো উদ্বেগ উত্থাপিত হয়নি। 

১৯ সেপ্টেম্বর সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তাজমহলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেন এবং যোগী আদিত্যনাথ সরকারকে আক্রমণও করেছিলেন। 

যাদব বলেন, যে এটি কেবল একটি স্মৃতিস্তম্ভ নয়, একটি জীবন্ত এবং সক্রিয় উদাহরণ হওয়া উচিত।

অখিলেশ যাদব একটি ভাইরাল ভিডিও শেয়ার করেন, যাতে দেখা যাচ্ছে তাজমহলের গম্বুজ থেকে একটি গাছ অঙ্কুরিত হচ্ছে। যাদব বলেছিলেন, শিকড়ের কারণে স্মৃতিস্তম্ভে ফাটল দেখা দিতে পারে। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, বিজেপি সরকার এটি রক্ষণাবেক্ষণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। 

তিনি আরও যোগ করেন, বিশ্বের কোটি কোটি পর্যটকের আকর্ষণ তাজমহলের মূল গম্বুজের ওপর কলসের ধাতুতে মরিচা পড়ার সম্ভাবনা রয়েছে। মূল গম্বুজ থেকে পানি পড়ছে। গম্বুজে গাছপালা বেড়ে ওঠার খবর আছে। এই ধরনের গাছের শিকড় বড় হলে তাজমহলে ফাটল ধরতে পারে।