যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের একটি নির্বাচনী অফিস লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অফিসটিতে এমন হামলার ঘটনা ঘটলো।
অ্যারিজোনা পুলিশ নিউইয়র্ক পোস্টকে জানিয়েছে, স্থানীয় সোমবার মধ্যরাতের কিছু পরে ওই অ্যারিজোনার টেম্প শহরের একটি নির্বাচনী অফিস লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
রাজ্যের পাবলিক ইনফরমেশন অফিসার রায়ান কুক বলেন, রাতে ওই অফিসে কেউ অবস্থান করছিলেন না, এমন সময় সেখানে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত ফুটেজে অফিসের একটি দরজায় দুটি এবং জানালায় আরও দুটি অর্থাৎ মোট চারটি বুলেটের ছিদ্র দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, অপরাধীদের শনাক্ত করতে এরইমধ্যে তদন্তে নেমেছে কর্তৃপক্ষ।
এর আগে গেলো ১৬ সেপ্টেম্বর মধ্যরাতের ঠিক পরে ওই একই অফিসে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। উভয় ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।