বৈরুতের দাহিয়েহ শহরে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের শীর্ষ কমান্ডার হাসান খলিল ইয়াসিন নিহত হয়েছেন। এর আগে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খলিল নিহত হয়েছেন বলে দাবি করে সংবাদ প্রচার হলেও রোববার রাতে তা নিশ্চিত করে টাইমস অব ইন্ডিয়া।
ইসরাইল ডিফেন্স ফোর্সেসের (আইডিএ) বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, হাসান খলিল ইসরাইলি সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন।
এর আগে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদন জানায়, স্থানীয় সময় শনিবার ইসরাইলি বাহিনী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ এই গোয়েন্দা কমান্ডারকে হত্যার দাবি করে।
ইসরাইলি বাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ইসরাইলি বিমান বাহিনী হিজবুল্লাহর গোয়েন্দা ইউনিটের দায়িত্ব পাওয়া হাসান খলিল ইয়াসিনকে লক্ষ্য করে ওই হামলা চালায়।
একটি বিভাগের প্রধান হিসেবে উত্তর সীমান্তে এবং ইসরাইলি ভূখণ্ডের গভীরে বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তু শনাক্তকরণের দায়িত্বে ছিলেন হাসান খলিল।
এর আগে শুক্রবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান সাইয়্যেদ হাসান নাসারুল্লাহ নিহত হন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, নাসারুল্লাহর শরীরে সরাসরি কোনো ক্ষত দেখা যায়নি। তার মৃত্যুর কারণ হিসেবে বিস্ফোরণের শক্তি থেকে ভোঁতা আঘাত ছিলো বলে মনে করা হচ্ছে।
শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত দক্ষিণ শহরতলির দাহিয়েহ এলাকায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। ওই এলাকার একটি আবাসিক ভবনের নিচে গোষ্ঠীটির ভূগর্ভস্থ সদর দপ্তরে চালানো ‘লক্ষ্যনির্ভর হামলায়’ নাসারুল্লাহ নিহত হন।
নাসারুল্লাহর ওপর চালানো হামলায় হিজবুল্লাহর আরও ২০ জন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছে বলেও দাবি করেছে ইসরাইল।