হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর পর এবার লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠনটির আরেক নেতাকে হত্যা করেছে ইসরাইল। নাবিল কাওউক নামের ওই নেতা সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য।
শনিবার এক বিবৃতিতে এ দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। খবর বিবিসির।
ইসরাইলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, নাবিল কাওউক হিজবুল্লাহর নিরাপত্তা কাউন্সিলের প্রধান ছিলেন। এ ছাড়া সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। যুদ্ধবিমানের মাধ্যমে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের নেতাদের ঘনিষ্ঠ ছিলেন নাবিল কাওউক। ইসরাইল দেশটির নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী পরিকল্পনা এগিয়ে নেওয়ার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন তিনি।
এদিকে নাবিলের মৃত্যুর খবর স্বীকার করে নিয়েছে হিজবুল্লাহ।
এর আগে শুক্রবার রাতভর লেবাননের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালায় ইসরাইল। এতে নিহত হন হাসান নাসরুল্লাহ। তিনি তিন দশকের বেশি সময় ধরে সংগঠনটির নেতৃত্বে ছিলেন।
চলতি মাসের মাঝামাঝি সময় থেকে লেবাননে হামলা বাড়ায় ইসরাইল। হামলায় এখন পর্যন্ত দেশটিতে নারী, শিশুসহ প্রায় ৮০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। এ ছাড়া দেশটিতে প্রায় ১০ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে বলে জানিয়েছে লেবানন সরকার।
ইসরাইলি হামলায় এবার হিজবুল্লাহর শীর্ষ গোয়েন্দা কমান্ডার নিহত