যুক্তরাষ্ট্রের মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারে যোগ দিয়ে ঘৃণা ও বিভাজন থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। অন্যদিকে জর্জিয়ার অ্যাটলান্টায় নির্বাচনী প্রচারে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জয়ী হলে ইলন মাস্ককে মন্ত্রী বানাবেন তিনি।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর। বাকি আর মাত্র কয়েকদিন। এরইমধ্যে প্রচার-প্রচারণায় উত্তপ্ত নির্বাচনর মাঠ। এই নির্বাচনে বরাবরের মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমেরিকান মুসলিমদের ভোট। আর তাদের কাছে টানতেও মরিয়া হয়ে উঠেছে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় শিবির।
তবে এমন পরিস্থিতির মধ্যেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি সম্প্রতি সমর্থন দিয়েছেন মুসলিম নেতারা। তারা এবার ট্রাম্পকে বিজয়ী হিসেবে দেখাতে চান। যদিও এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের কর্মী-সমর্থকদের মধ্যে।
বিষয়টি নিয়ে মুসলিম নেতাদের উদ্দেশে কথা বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় সোমবার ফিলাডেলফিয়ায় এক সমাবেশে বক্তব্য দেয়ার সময় ট্রাম্পকে সমর্থন দেয়ার কথা ভাবছেন- এমন মুসলিমদের নেতাদের উদ্দেশে বারাক ওবামা একটা প্রশ্ন ছুঁড়ে দেন।
ওবামা বলেন, আপনি যদি আমেরিকান মুসলিম হন এবং মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আপনি কেন এমন একজনের (ট্রাম্পকে ইঙ্গিত করে) প্রতি বিশ্বাস রাখবেন? যিনি কিনা মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা পাস করেছেন। বলেছেন যে আপনারা আমাদের আমেরিকান সম্প্রদায়ের অংশ নন?
ট্রাম্পের প্রচার সমাবেশ থেকে লাতিন ভোটারদের নিয়ে বিরূপ মন্তব্যের জবাবও দেন ওবামা। আর কমলা হ্যারিস বলেন, ট্রাম্পের শাসনামল মানুষের জন্য দুর্ভোগ বয়ে আনবে। আর মানুষ কিছুতেই ট্রাম্পের অধীনে ভালো থাকতে পারবে না। আমি আগেও বলেছি, ট্রাম্প সিরিয়াস মানুষ নন। তার শাসনামল জঘন্য হবে।
এদিকে, সম্প্রতি ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যায়িত করেছিলেন কমালা। এবার ট্রাম্পও একই অস্ত্র ব্যবহার করলেন তার দিকে। তিনি বলেন, আসল ফ্যাসিস্ট হচ্ছেন কমালা হ্যারিস। এ সময় ট্রাম্প আরও বলেন, তাকে ‘নাৎসি’ বলা হলেও তিনি নাৎসির বিপরীত দিকেই রয়েছেন।
সোমবার জর্জিয়ায় এক নির্বাচনী প্রচারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নির্বাচনী প্রচারে নতুন এক কথা খুঁজে পেয়েছেন কমালা হ্যারিস। কেউ তাকে ভোট না দিলেই তিনি বলে বসেন, ওই ব্যক্তি নাৎসি। আমি নাৎসি নই। আমি নাৎসিবিরোধী। তিনি (কমালা) নাৎসি।
সমাবেশে মার্কিন ধনকুবের ইলন মাস্কের ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। বলেছেন, ইলন মাস্ক ভালো মানুষ এবং দেশ ও দেশের মানুষকে তিনি ভালোবাসেন। তাই দেশের মানুষের প্রতি দায়িত্ব পালন করবেন নিষ্ঠার সাথে। দেশের মানুষ তার কাছে ভালো থাকবে বলেও মন্তব্য করেন ট্রাম্প।
তিনি বলেন, মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় কমিয়ে জীবনেক আরো সহজ করতে ইলন কাজ করবেন। আমরা ইলনকে সাথে রাখছি। তিনিও তাই চান। তিনি মন্ত্রী হতে চান না। তবে তিনি মানুষের খরচ কমিয়ে জীবনকে আরো সহজ করতে কাজ করতে পারেন। তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। তিনি দেশকে খুবই ভালোবাসেন। আর এ কারণেই তিনি আমাকে সমর্থন করছেন। তিনি খুবই ভালো মানুষ।