যুক্তরাষ্ট্রের প্রভাবশালী অর্থনীতিবিষয়ক সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ’ ২০২৪ সালের ধনী পরিবারের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় ইলন মাস্কে হটিয়ে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের ওয়ালটন পরিবার। সব মিলিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মোট ২৫টি ধনাঢ্য পরিবার এ তালিকায় স্থান পেয়েছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের শেষে বিশ্বের সবচেয়ে ধনী পরিবার ওয়ালমার্টের ওয়ালটন পরিবার। ৬২ বছর আগে প্রথম ওয়ালমার্ট খোলা হয়। এরপর থেকে এই পরিবারকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে ওয়ালটন পরিবারের সম্পদ রেকর্ড ৪৩২.৪ বিলিয়ন ডলার।
বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদ এবং আরবের রাজপরিবারগুলোর সম্পদের চেয়েও যা বেশি। ভারতের মধ্যে থেকে এই তালিকায় জায়গা করে নিয়েছে আম্বানি পরিবার। তারা রয়েছেন অষ্টম স্থানে। আর শাপুরজি পলোনজি মিস্ত্রি পরিবার রয়েছে ২৩তম স্থানে।
ওয়ালটন পরিবার ধনী পরিবারের তালিকায় শীর্ষে ফিরেছে ওয়ালমার্টের শেয়ার মূল্য বেড়ে যাবার কারণে। ডিসেম্বর পর্যন্ত ওয়ালমার্টের শেয়ারের মূল্য ৮০ শতাংশ বেড়েছে, যা তাদের সম্মিলিত পারিবারিক সম্পদ ১৭২.৭ বিলিয়ন ডলার বাড়িয়ে দিয়েছে। তাদের সম্পদ বৃদ্ধির হার ছিল প্রতি মিনিটে ৩,২৮,৫৭৭ ডলার।
বিশ্বের শীর্ষ পাঁচ ধনী পরিবার
১. ওয়ালটন পরিবার (ওয়ালমার্ট): ৪৩২.৪ বিলিয়ন ডলারের মালিক তারা, যা কোম্পানির ৪৬ শতাংশ শেয়ার থেকে এসেছে। এই তিন প্রজন্মের পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করে। ওয়ালমার্টের ১০,৬০০টিরও বেশি স্টোর রয়েছে।
২. আল নাহিয়ান পরিবার (সংযুক্ত আরব আমিরাত): ৩২৩.৯ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল নাহিয়ান। এই পরিবারটি তেলসমৃদ্ধ অঞ্চল শাসন করে। তা ছাড়া তারা আবুধাবির শেয়ার মার্কেটের ৬৫ শতাংশ নিয়ন্ত্রণ করে।
৩. আল থানি পরিবার (কাতার): ১৭২.৯ বিলিয়ন ডলারের মালিক এই পরিবার তৃতীয় স্থানে রয়েছে। গ্যাস এবং তেলই তাদের মূল সম্পদ।
৪. হারমেস পরিবার (ফ্রান্স): বিলাসবহুল পণ্য প্রস্তুতকারী এই পরিবারের সম্পদের পরিমাণ ১৭০.৬ বিলিয়ন ডলার।
৫. কোখ পরিবার (যুক্তরাষ্ট্র): ১৪৮.৫ বিলিয়ন ডলারের সম্পদসহ তেল ব্যবসায় যুক্ত তিন প্রজন্মের পরিবার।
ভারতের দুটি পরিবার
১. আম্বানি পরিবার: ৯৯.৬ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে অষ্টম স্থানে রয়েছে মুকেশ আম্বানির পরিবার। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বাড়-বাড়ন্ত তাদের সম্পদের মূল উৎস।
২. মিস্ত্রি পরিবার (শাপুরজি পলোনজি): পাঁচ প্রজন্মের এই পরিবার তালিকায় ২৩তম স্থানে, তাদের সম্পদের পরিমাণ ৪১.৪ বিলিয়ন ডলার।
বিশ্বের শীর্ষ ১৫ ধনী পরিবারের তালিকা (২০২৪)
১. ওয়ালটন, ২. আল নাহিয়ান, ৩. আল থানি, ৪. হারমেস, ৫. কোখ, ৬. আল সাউদ, ৭. মার্স, ৮. আম্বানি, ৯. ভেরথেইমার, ১০. থমসন, ১১. জনসন, ১২. আলব্রেখট, ১৩. প্রিৎসকার, ১৪. কারগিল-ম্যাকমিলান, ১৫. ওফার।