কৃষ্ণ সাগরে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে গেছে রাশিয়ার দুইটি তেলবাহী জাহাজ। দুটিতে জাহাজ ২৯ জন ক্রু ছিলেন এবং এখন সেখানে তেল ছড়িয়ে পড়ছে। সবশেষ খবর পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে। রোববার রুশ কর্তৃপক্ষ এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় পরিবহন প্রসিকিউটরের অফিসের টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে যে, প্রবল ঝড়ের সময় একটি ট্যাংকার দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এবং ডুবে যাচ্ছে। পানিতে তেলের ছাপও দৃশ্যমান ছিলো। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভেঙ্গে পড়া জাহাজ থেকে সাগরে তেল ছড়াচ্ছে।
সংবাদ সংস্থা তাস জানিয়েছে, দুই জাহাজ ডুবির ঘটনায় কমপক্ষে একজন ক্রু সদস্যর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং রুশ কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করছে। দুর্ঘটনাটি ঘটেছে কের্চ প্রণালিতে, যা মস্কোর দখলকৃত ক্রিমিয়া থেকে রাশিয়াকে আলাদা করে।
তাস জানিয়েছে, সেখানে উদ্ধার ও পরিষ্কার অভিযান চলছে, যাতে রয়েছে টাগ বোট, হেলিকপ্টার ও ৫০ জনেরও বেশি কর্মী। ক্রুদের অনুসন্ধানের পাশাপাশি সাগরে তেল ছড়িয়ে পড়া ঠেকাতে বিরামহীনভাবে কাজ করছে রাশিয়ার উদ্ধারকারী দল। রুশ নৌবাহিনীর বিশেষ ইউনিউ তাদের সহায়তা দিচ্ছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুর্ঘটনা মোকাবেলায় একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপ গঠনের নির্দেশ দিয়েছেন, যার নেতৃত্বে রয়েছেন উপ-প্রধানমন্ত্রী ভিটালি সাভেলিভ।
রাশিয়ার নৌ পরিবহন সংক্রান্ত কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, কৃষ্ণ সাগরে ঝড়ের কবলে পড়ে দুটি ট্যাংকার ভলগোনেফট-২১২ ও ভলগোনেফট-২৩৯ ডুবে গেছে। জাহাজগুলোতে ১৫ ও ১৪ জন কর্মী ছিলেন। দুর্ঘটনার ফলে তেলের পণ্য (পানিতে) ছড়িয়ে পড়েছে। প্রতিটি ট্যাংকারের ধারণক্ষমতা চার হাজার ২০০ টন তেল।