লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহত পাঁচ

ক্যালিফোর্নিয়ায় দাবানলে অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিএনএনকে জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেস কাউন্টি জুড়ে বাতাসের কারণে ছড়িয়ে পড়া আগুন এখনও নিয়ন্ত্রণে না আসায় কমপক্ষে পাঁচ জন মারা গেছেন।

লস অ্যাঞ্জেলস ফায়ার সার্ভিস বিভাগের প্রধান অ্যান্থনি ম্যারোনির বরাতে ওয়াশিংটন টাইমস জানিয়েছেন, পালিসেডস ও ইটন এলাকায় দুটি দাবানলে ৭ হাজারের বেশি এলাকা পুড়ে গেছে। পালিসেডসের আগুনে বিপুলসংখ্যক মানুষ আহত হয়েছে।

ম্যারোনি বলেছেন, ২৪ ঘণ্টা পার হলেও দাবানল নিয়ন্ত্রণে আসেনি বরং আরো অবনতি হয়েছে। এরই মধ্যে এক হাজারেরও বেশি বাড়ি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

এমন পরিস্থিতিতে লোকজন বাড়ি-গাড়ি ফেলেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। প্রত্যক্ষদর্শীরা এই পরিস্থিতিকে হলিউডের সিনেমার দৃশ্যের সাথে তুলনা করছেন।

আগুন নেভাতে ১ হাজার ৪০০ দমকলকর্মী কাজ করছে। অত্যাধুনিক সরঞ্জাম দিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

প্যাসিফিক পলিসেডস এলাকায় জেনিফার অ্যানিস্টোন, ব্রাডলি কুপার, টম হ্যাঙ্কস, রিজ উইদারস্পুন, অ্যাডাম স্যান্ডেলার, মাইকেল কিটনসহ অনেক হলিউড তারকার বাড়ি রয়েছে।

Los-Angeles-Wildfire1

মঙ্গলবার ছড়িয়ে পড়া দাবানলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ২ হাজার ৯০০ একরেরও বেশি এলাকা পুড়ে গেছে। কর্তৃপক্ষ রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং খুব অল্প সময়ের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে। এতে অসংখ্য বাড়ি ঘর পুড়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

কর্তৃপক্ষ ৩০ হাজার মানুষকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। হুমকিতে রয়েছে ১৩ হাজার ভবন।