ভারতে পাল্টা হামলা পাকিস্তানের

ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরসহ একাধিক লক্ষ্যতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার দিনগত রাতে পাকিস্তানে মিসাইল ছোড়ে ভারত। এর জবাবে তাৎক্ষণিকভাবে ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো হয়। 

সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে পাঁচটি ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) জেট, একটি ড্রোন এবং ব্রিগেড সদরদপ্তর ধ্বংস করে দেয়।

এছাড়া সীমান্ত রেখার (এলওসি) দুদনিয়াল সেক্টরে মিসাইল ছুড়ে ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

এর আগে পাকিস্তানের ডিজিএফআই জানায়, ভারত মধ্যরাতে পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় মিসাইল হামলা চালিয়েছে। এতে আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

আহমেদপুর এবং কোটলির দুটি মসজিদে ভারতের মিসাইল আঘাত হেনেছে দাবি করে পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা বলেছেন, মসজিদের ওপর এসব হামলা প্রমাণ করে এগুলো আরএসএসের হিন্দুত্ববাদীর মতাদর্শ। কারণ তারা মসজিদে হামলা চালিয়েছে। অপরদিকে আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরাবাদে একটি রাস্তায় মিসাইল আঘাত হেনেছে। সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

এদিকে হামলার কথা স্বীকার করে ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিন্দুর’ নামে এ অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। 

দেশটির সশস্ত্র বাহিনীর দাবি, এই হামলায় সশস্ত্র বাহিনীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে; পাকিস্তানের সেনা সদস্যদের লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কিছুক্ষণ আগে, ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে ৯টি জায়গায় আঘাত হানা হয়েছে।