পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টি ও ঝড়ে অন্তত ১৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৯২ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি রোববার (২৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে অনিরাপদ স্থানে অবস্থানের কারণে ১০ জনের বেশি মানুষ মারা গেছেন। এছাড়া একজন ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন।
এদিকে আহত ৯২ জনের মধ্যে অনেককেই উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ঝড়ের কারণে অসংখ্য ঘরবাড়ি ও পুরোনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক অঞ্চলে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। স্থানীয় উদ্ধারকর্মীরা এরইমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ শুরু করেছে।
এর আগে গত শুক্রবার পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া, ধূলিঝড় ও বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছিলো।