নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন মামদানি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি।‌ ২৪ জুন মঙ্গলবার প্রাথমিক নির্বাচনে ডেমোক্রেট পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি। ৭০ হাজার ভোটে পরাজিত করেন সাবেক গভর্নর এন্ড্রো কুমোকে। নিউইয়র্ক সিটি বোর্ড অফ ইলেকশন মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছে।

নিউইয়র্ক সিটি প্রাথমিক মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৩ বছর বয়সি জোহরান মামদানি। ৪ নভেম্বর চূড়ান্ত নির্বাচনে জয়লাভ করলে তিনি হবেন প্রথম দক্ষিণ এশীয় ও প্রথম মুসলিম মেয়র। 

নিউইয়র্ক সিটি বোর্ড অফ ইলেকশনের তথ্য অনুযায়ী ৯৫ শতাংশ ভোট গণনা হয়েছে। তারমধ্যে সাড়ে ৪৩ শতাংশ ভোট পেয়েছেন। 

ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। তিনি মোট ভোট পেয়েছেন ৪ লাখ ২৯ হাজার ২৮৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রো কুমো পেয়েছেন ৩৬ দশমিক ৪ শতাংশ ভোট। প্রাথমিক এই বিজয় ছিনিয়ে আনতে ৫০ হাজার তরুণ সক্রিয়ভাবে কাজ করেছেন এই নির্বাচনে। 

নিউ ইয়র্ক সিটিতে রয়েছে র‍্যাঙ্কড-চয়েস ভোটিং ব্যবস্থা । কেউ এককভাবে ৫০ শতাংশ ভোট না পেলে দ্বিতীয় পছন্দের দিকে যায় বোর্ড অফ ইলেকশন। 

যেহেতু কেউই ৫০ শতাংশের বেশি ভোট পাননি, তাই নির্বাচন বোর্ড এখন দ্বিতীয় পছন্দের ভোট গণনা শুরু করবে। এখানেও মামদানি এগিয়ে থাকবেন কারণ তৃতীয় অবস্থানের ব্র্যান্ড ল্যান্ডার ইতোমধ্যে মামদানিকে সমর্থন দিয়েছেন। তারপরেও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে প্রথম জুলাই। 

জোহরান মামদানির মা বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মিরা নায়ার। তার বাবা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মাহমুদ মামদানি জন্মগতভাবে ভারতীয়।

মামদানি ২০২১ সাল থেকে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন ডিস্ট্রিক্ট থার্টি সিক্সথ এর জন্য। 

অতি উদারপন্থি শহর হিসেবে পরিচিত নিউইয়র্কে সাধারণত ডেমোক্র্যাট প্রার্থীই জয়ী হন। ফলে এই প্রাইমারির ফলাফলই আগামী নভেম্বরে মেয়র নির্বাচনে কে জিতবেন, তা নির্ধারণ করে দিতে পারে।