এবার গাজায় যুদ্ধবিরতির তোড়জোড় চালাচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির একটি চুক্তিতে রাজি করানোর চেষ্টা করছেন। ট্রাম্প জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে এ যুদ্ধবিরত হতে পারে। এরই মধ্যে, গাজার বিতর্কিত ত্রাণ সংস্থাকে ৩০ মিলিয়ন ডলার সহায়তা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এসব ত্রাণ কেন্দ্রে ইসরাইলি হামলায় শত শত মানুষ নিহত হওয়ার ঘটনায় আবারো উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এদিকে, ২৪ ঘণ্টায় আরো ৭২ জন নিহত এবং আরও অন্তত ১৭৪ জন আহত হয়েছেন। 

একের পর এক ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলায় বিধ্বস্ত দশা গাজা উপত্যকার। শুক্রবারও গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে বিমান হামলা চালায় ইসরাইল। একই দিন মধ্য গাজার নুসেইরাত আল আদওয়া হাসপাতালের পাশেই চলে ইসরাইলি বাহিনীর তাণ্ডব।

এরই মধ্যে, ইসরাইল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজার বিতর্কিত ত্রাণ সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের জন্য সরাসরি ৩০ মিলিয়ন ডলার সহায়তা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। যদিও সংস্থাটির বিতরণকেন্দ্রের আশপাশে খাদ্য সহায়তা নেওয়ার চেষ্টা করা ফিলিস্তিনিদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই বাড়ছে। শুক্রবারও এ বিষয়ে উদ্বেগ জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

ত্রাণ বিতরণ কেন্দ্রে ও এর আশপাশে ইসরাইলি হামলার বিষয়টি তদন্ত শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইসরাইলি সেনা দাবি করেছেন, তাদের ভিড় সরাতে প্রয়োজনে গুলি চালাতে বলা হয়েছিল। এমনকি যেসব ফিলিস্তিনি কোনও হুমকি ছিলেন না, তাদের ওপরও অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছিল।

এরই মধ্যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির জন্য ইসরাইলির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাজি করানোর চেষ্টা করছেন তিনি। আগামী এক সপ্তাহের মধ্যে এ যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারেও বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, আমাকে প্রায়ই এ বিষয়ে জিজ্ঞেস করা হয়। আমি মনে করি, এটা খুব কাছাকাছি। আমরা গাজার বিষয়ে কাজ করছি। চেষ্টা করছি বিষয়টা সামাল দেওয়ার। আমি এ বিষয়ে জড়িত কিছু মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি আসলেই ভয়াবহ। আমরা ওই এলাকায় বিপুল পরিমাণ অর্থ ও খাদ্য পাঠাচ্ছি। 

এদিকে, মসজিদ আল-আকসার চত্বরে পশ্চিম তীর অঞ্চলে বসতি স্থাপনকারী ইহুদিদের নাচ-গান এবং বাধাহীন ঘোরাফেরার অনুমতি দিয়েছে ইসরাইল। দেশটির গণমাধ্যম জানিয়েছে, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গেভিরের প্রস্তাবে ইসরাইলের পার্লামেন্ট এ অনুমোদন দিয়েছে।