রাশিয়ায় বড় ধরনের ভূমিকম্প, সুনামি সতর্কতা

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মূলত পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্পের পর এই সুনামি সতর্কতা জারি করা হয়। কাতারভিক্তিক গণমাধ্যম আল জাজিরা, রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। 

আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, এর মধ্যে একটি ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৭ দশমিক ৪ এবং বাকি দুটির মাত্রা ছিল ৬ দশমিক ৭।

ভূমিকম্পগুলো পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহরের উপকূলবর্তী একই এলাকায় মাত্র ৩২ মিনিটের ব্যবধানে ঘটে। এর আগে একই এলাকায় পাঁচ মাত্রার আরেকটি ভূমিকম্পও অনুভূত হয়। জার্মান ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জিএফজেড নিশ্চিত করেছে, অন্তত একটি ৬.৭ মাত্রার ভূমিকম্প কামচাটকার পূর্বাঞ্চলে রেকর্ড করা হয়েছে।

জার্মান ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জিএফজেড-ও নিশ্চিত করেছে, অন্তত একটি ৬.৭ মাত্রার ভূমিকম্প রোববার কামচাটকার পূর্বাঞ্চলে রেকর্ড করা হয়েছে। মূলত পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহরটি কামচাটকা অঞ্চলের একটি প্রধান বন্দর ও প্রশাসনিক কেন্দ্র।

রাশিয়ার প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। জরুরি প্রয়োজনের জন্য আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই ভূমিকম্পগুলো কামচাটকার জনজীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। 

৭ মাত্রার বেশি শক্তিশালী ভূমিকম্পের ফলে সমুদ্রের নিচে প্লেট নড়ে গেলে সাধারণত সুনামি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এখন পর্যন্ত বড় সুনামির খবর পাওয়া না গেলেও, সতর্ক ব্যবস্থা হিসেবে উপকূলের এলাকায় লোকজনকে সজাগ থাকার পরামর্শ দেয়া হয়েছে। শহরটিতে এক লাখ ৬৩ হাজারের বেশি মানুষের বসবাস রয়েছে।