ইন্দোনেশিয়ার সরকারবিরোধী বিক্ষোভে নিহত তিন

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশে বিক্ষোভ শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। শনিবার স্থানীয় পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়। এসময় মারা যান তিন জন। আহত হয়েছেন আরো পাঁচ জন। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে আঞ্চলিক সংসদ ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এক বিবৃতিতে হতাহতের সংখ্যা জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ বিভাগ। তবে নিহতদের মৃত্যুর কারণ বিস্তারিত জানানো হয়নি বিবৃতিতে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শনিবার এক বিবৃতিতে জানায়, আগুনে ভবনে আটকা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলে মারা যান।

Indonesia

ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা জানায়, নিহতরা ভবনের ভেতর আটকা পড়ে মারা যান। আহত ব্যক্তিদের মধ্যে দুজন ভবন থেকে লাফ দেয়ার সময় গুরুতর জখম হন। বর্তমানে বেশ কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশটিতে শুক্রবার থেকে চলছে ব্যাপক বিক্ষোভ। রাজধানী জাকার্তা থেকে শুরু করে পশ্চিম জাভার বান্দুংসহ একাধিক শহরে বিক্ষোভকারীরা সড়কে নামে। কম বেতন ও সরকারি কর্মকর্তাদের বিলাসবহুল সুবিধার বিরুদ্ধে প্রতিবাদ করছেন তারা।

Indonesia1

এক মোটরসাইকেল চালকের মৃত্যু ঘিরে মূলত প্রতিবাদের সূত্রপাত হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি পুলিশি সাঁজোয়া যান চালক আফান কুনিয়াওয়ানকে পিষে দেয়। এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। চলমান এই বিক্ষোভ বর্তমান প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর জন্য একটা পরীক্ষা হিসেবেই দেখা হচ্ছে। চলতি সপ্তাহে আইন প্রণেতাদের বিরুদ্ধেও বিক্ষোভ শুরু হয় রাজধানী জাকার্তায়।