আমেরিকায় অবৈধ অভিবাসী গ্রেপ্তারেই মিলবে বোনাস!

অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করলেই মিলবে আর্থিক প্রণোদনা। যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে গতি আনতে রাজ্য ও স্থানীয় পুলিশ কর্মকর্তাদের জন্য নতুন এই প্রণোদনা ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।

মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিবাসী আটক অভিযানে সহায়তা করলে প্রতি কোয়ার্টারে সর্বোচ্চ এক হাজার ডলার পর্যন্ত বোনাস পাবেন কর্মকর্তারা।

যেসব পুলিশ কর্মকর্তা মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) সঙ্গে অভিবাসী গ্রেপ্তারে অনুমতি পেয়েছেন, তারাই এই বোনাসের আওতায় থাকবেন।

বর্তমানে ৪০টি অঙ্গরাজ্যে প্রায় ৮ হাজার ৫০০ কর্মকর্তা ‘২৮৭(জি)’ প্রোগ্রামের আওতায় কাজ করছেন, যা স্থানীয় ও রাজ্য পর্যায়ের পুলিশকে অভিবাসন আইন প্রয়োগের ক্ষমতা দেয়।

আইসিই জানায়, কর্মকর্তারা কত শতাংশ অভিবাসী আটক অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছেন তার ওপর নির্ভর করে বোনাসের অংক। ৪০টি অঙ্গরাজ্যে প্রায় ৮,৫০০ কর্মকর্তা এই কর্মসূচিতে কাজ করছেন।

সরকারি তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত আইসিই যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১ লাখ ৬৮ হাজার অভিবাসীকে আটক করেছে। একই সময়ে দেশ থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষকে বহিষ্কার করা হয়েছে।

কর্মকর্তারা কত শতাংশ অভিবাসী আটক অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছেন তার ওপর নির্ভর করে বোনাসের অংক ৫০০ থেকে এক হাজার ডলারের মধ্যে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে শুধু বোনাসই নয়, কর্মকর্তাদের বেতন, সুবিধা ও অতিরিক্ত কাজের পারিশ্রমিকের কিছু অংশও সরকারি তহবিল থেকে বহন করা হবে।

পাশাপাশি, নতুন করে সর্বোচ্চ ১০ হাজার কর্মকর্তা ও এজেন্ট নিয়োগ দিতে আইসিই ৫০ হাজার ডলার পর্যন্ত সাইনিং বোনাস ঘোষণা করেছে।