যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ দক্ষিণ জর্জিয়া রাজ্যে নির্মিত একটি হুন্দাই মোটর-এলজি’র গাড়ি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ৪৭৫ জনকে গ্রেপ্তার করেছে।
এই ব্যক্তিদের মধ্যে তিন শতাধিক দক্ষিণ কোরীয়ও নাগরিক রয়েছে বলে জানা গেছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবারের এলাবেল শহরে অভিযানটি ছিলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশব্যাপী অভিবাসী বিরোধী অভিযানের অংশ এবং এখন পর্যন্ত একক স্থানে পরিচালিত সবচেয়ে বড় অভিযান।
মার্কিন কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত অভিযানের ফুটেজে দেখা গেছে আটক কর্মীদের হাতকড়া ও গোড়ালিতে শিকল পরা অবস্থায় একটি বন্দী পরিবহন বাসে তোলা হচ্ছে।
শুক্রবার আটলান্টায় হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের বিশেষ এজেন্ট স্টিভেন শ্রাঙ্ক সাংবাদিকদের বলেন, হুন্দাই মোটর-এলজি এনার্জি সলিউশন যৌথ উদ্যোগের কারখানায় ‘বেআইনি কর্মসংস্থানের অভিযোগ এবং গুরুতর ফেডারেল অপরাধের’ তদন্তের জের ধরে এই অভিযান চালানো হয়েছে।
তিনি বলেন, এটি কোনো অভিবাসন অভিযান ছিলো না।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন সিউলে এক জরুরি সভায় বলেন, গ্রেপ্তার ৪৭৫ জনের মধ্যে ৩০০ জনেরও বেশি আমাদের নাগরিক বলে মনে করা হচ্ছে। আমরা এই বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন ও দায়িত্ববোধ অনুভব করছি।
তিনি বলেন, প্রয়োজনে আমি ব্যক্তিগতভাবে ওয়াশিংটনে গিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করবো।