চলতি বছরের জানুয়ারি মাসে কলম্বিয়ায় প্রথম চিহ্নিত হয় করোনা ভাইরাসের 'মিউ' নামের একটি নতুন ধরণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) জানিয়েছে, নতুন এ ধরণটি পর্যবেক্ষণ করছে তারা।
মঙ্গলবার (৩১ আগস্ট) ডব্লিওএইচও'র মহামারি বিষয়ক সাপ্তাহিক বুলেটিনে বলা হয়, বৈজ্ঞানিকভাবে 'মিউ' ধরণটি বি.ওয়ান.৬২১ হিসেবে পরিচিত। একে 'ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট' হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে সংবাদমাধ্যম গলফ নিউজ জানিয়েছে, করোনার এই ধরণটি টিকার প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করছে। বিষয়টি চিন্তার কারণ হিসেবে দেখা দিয়েছে। তবে এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে বলে মনে করে সংস্থাটি।
আরও পড়ুন: তালেবানকে সাধুবাদ জানিয়ে কাশ্মিকে মুক্ত করার ডাক আল কায়েদার
তবে নতুন করে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভাইরাসের নতুন ধরণের উদ্ভব নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছে ডব্লিওএইচও।
ইতোমধ্যে আলফা ও ডেল্টাসহ চার ধরনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে একাধিক দেশে। বিশ্বের ১৯৩টি দেশে আলফা এবং ১৭০টি দেশে ডেল্টা ধরণ ছড়িয়েছে।
এদিকে কলম্বিয়ায় 'মিউ' শনাক্ত হওয়ার পর ইউরোপসহ দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশেও এটি ছড়িয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
একাত্তর/আরবিএস