ফিলিস্তিনিদের ওপর সংগঠিত নির্যাতন চালাচ্ছে ইসরাইল: জাতিসংঘ

ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরাইল সংগঠিত নির্যাতন চালাচ্ছে জানিয়ে জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটি বলছে, এমন নির্যাতনের প্রমাণ তাদের হাতে এসেছে। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী ও বৃদ্ধদের আটকের অভিযোগের বিষয়ে তীব্র সমালোচনা করেছে সংস্থাটি। 

নির্যাতনবিরোধী কনভেনশনে স্বাক্ষরকারী দেশগুলোর রেকর্ড নিয়মিত পর্যালোচনা করে জাতিসংঘের এই কমিটি। দেশগুলোর সরকার এবং মানবাধিকার সংগঠনগুলো তাদের কাছে সাক্ষ্য-প্রমাণ দেয়। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির। 

সবচেয়ে গুরুতর অভিযোগ এসেছে আটক অবস্থার বর্ণনায়। প্রমাণ অনুসারে ইঙ্গিত পাওয়া গেছে, ফিলিস্তিনিদের নিয়মিত খাদ্য ও পানি থেকে বঞ্চিত করা হয়। ভয়াবহ মারধর, কুকুর দিয়ে হামলা, ইলেকট্রিক শকের শিকার হতে হয়। 

নির্যাতনবিরোধী কমিটি বলেছে, এসব আচরণ যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। যদিও ইসরাইল গাজায় গণহত্যার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। 

এদিকে গাজায় পাঁচ বছরের কম বয়সি অন্তত ৯ হাজার ৩০০ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। শনিবার জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এমন তথ্য জানিয়েছে। 

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, শীতের শুরুতে রোগব্যাধির বিস্তার এবং অনিরাপদ আশ্রয়ের কারণে এসব শিশুদের প্রাণহানির ঝুঁকি ভয়াবহভাবে বাড়ছে।