বিক্ষোভকারীদের ফাঁসি না দেয়ায় ইরানকে ‘ধন্যবাদ’ জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। দেশটির সরকার বিরোধী বিক্ষোভ দমন-পীড়নে গ্রেপ্তার হওয়া শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান সরকার।

বার্তা সংস্থা এএফপির খবরে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের বরাতে বলা হয়, শুক্রবার ট্রাম্প ইরানকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, আমি এই বিষয়টির প্রতি গভীর সম্মান জানাই। গতকাল যে সব ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল (যার সংখ্যা ৮০০-এরও বেশি), সেগুলো বাতিল করেছে ইরান, এ জন্য তাদেরকে ধন্যবাদ!

বিক্ষোভকারীদের সহায়তার কথা বলে গত দুই সপ্তাহ ধরে ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। 

মানবাধিকার সংগঠনগুলো বলেছে, ইরানি বাহিনী হাজার হাজার মানুষকে হত্যা করেছে।

তবে ট্রাম্প এখন হস্তক্ষেপ থেকে বিরত থাকছেন, কারণ বুধবার তিনি জানান যে, তাকে বলা হয়েছে হত্যাকাণ্ড বন্ধ হয়ে গেছে।

1

ট্রাম্প গত বৃহস্পতিবার উপসাগরীয় কর্মকর্তাদের সেই মন্তব্যও উড়িয়ে দেন, যেখানে বলা হয়েছে সৌদি আরব, কাতার ও ওমান তাকে হামলা থেকে বিরত রাখতে উদ্যোগী হয়েছে।

তিনি বলেন, তাকে প্রভাবিত করেছে ইরানেরই পদক্ষেপ।