বলিভিয়ার রাজধানী লা পাজ-এর কাছে নোটভর্তি একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।
স্থানীয় সময় শুক্রবারের এই দুর্ঘটনায় বিমানটি একটি মহাসড়কের ওপর আছড়ে পড়লে প্রায় ডজনখানেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং বিপুল পরিমাণ ব্যাংকনোট চারদিকে ছড়িয়ে পড়ে।
দমকল বাহিনীর প্রধান পাভেল তোভার বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, নিহতরা কি বিমানের আরোহী নাকি মহাসড়কে থাকা যানবাহনের যাত্রী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর চারদিকে ছড়িয়ে পড়া টাকা কুড়াতে হুড়োহুড়ি শুরু করেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বলিভিয়ান বিমান বাহিনীর সি-১৩০ হারকিউলিস মডেলের এই বিমানটি এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়। এরপর এটি পাশের একটি অ্যাভিনিউতে থাকা যানবাহনকে ধাক্কা দিয়ে একটি খোলা মাঠে গিয়ে পড়ে।
পাভেল তোভার বলেন, বিমানটির ধাক্কায় মহাসড়কে থাকা অন্তত ১৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমানটি বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন ছাপানো ব্যাংকনোট নিয়ে অন্য শহরগুলোতে যাচ্ছিলো। বিধ্বস্ত হওয়ার পর কার্গো হোল্ড থেকে বিপুল পরিমাণ টাকা দুর্ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
দুর্ঘটনার পর এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।