ইরানের হামলায় ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯১ ইসরাইলি

ইরানের সাথে চলমান সংঘাতের জেরে গত ২৪ ঘণ্টায় বেসামরিক নাগরিক ও সেনাসদস্যসহ মোট ১৯১ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া ১৯১ জনের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ৩ জনের অবস্থা গুরুতর এবং ২ জনের অবস্থা মাঝারি পর্যায়ে রয়েছে। বাকি ১৭২ জনের শারীরিক অবস্থা ভালো বা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

পাশাপাশি ১০ জন মানসিক উদ্বেগে কারণে চিকিৎসা নিয়েছেন এবং ৩ জন বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ২ হাজার ৩৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৯৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর উদ্ভূত পরিস্থিতিতে জেরুজালেমের শ্যারে জেদেক হাসপাতালের আন্ডারগ্রাউন্ড পার্কিং এলাকাকে চিকিৎসা ওয়ার্ডে রূপান্তর করা হয়েছে। সেখানে বর্তমানে অনেক রোগী ও চিকিৎসা কর্মীদের সরিয়ে নিয়ে সেবা প্রদান করা হচ্ছে।

তথ্যসূত্র: দ্য টাইমস অব ইসরায়েল