লেবাননে ইসরাইলের বিমান হামলা ও স্থল অভিযানের ফলে শিশুদের ওপর ভয়াবহ ও বেদনাদায়ক প্রভাব পড়ছে বলে সতর্ক করেছে ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, চলমান এই সংঘাতের কারণে দেশটিতে ৩ লাখ ৭০ হাজারেরও বেশি শিশু তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
লেবাননে ইউনিসেফের প্রতিনিধি মার্কোলুইজি কর্সি জানান, চলতি মাসে লেবাননে ইসরায়েলের তীব্র হামলায় অন্তত ১২১ জন শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৩৯৯ জন।
ইসরাইলি বাহিনীর ক্রমাগত হামলার ফলে লেবাননের প্রায় ১৪ শতাংশ এলাকা এখন উচ্ছেদ ও বাস্তুচ্যুতির হুমকির মুখে রয়েছে।
মার্কোলুইজি কর্সি বলেন, ইসরাইলি সামরিক বাহিনীর উচ্ছেদ আদেশের কারণে বিশাল সংখ্যক শিশু এখন বাস্তুচ্যুত। এই পরিস্থিতিতে শিশুদের শারীরিক নিরাপত্তার পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্যের ওপরও দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব পড়ছে।
গত কয়েক সপ্তাহ ধরে লেবাননের বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার নামে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করেছে ইসরাইল। এতে বেসামরিক নাগরিক বিশেষ করে শিশুদের হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
তথ্যসূত্র: আল জাজিরা