অর্ধশতাব্দী পর আবারও চাঁদে যাচ্ছে মানুষ, উড়াল দিলো আর্টেমিস-টু

৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী। মানব ইতিহাসে আবারও লেখা হলো নতুন এক অধ্যায়। অর্ধশতাব্দীরও বেশি সময় পর মানুষকে চাঁদের পথে পাঠাতে সফল হয়েছে আর্টেমিস-টু। 

স্থানীয় সময় বুধবার সন্ধ্যা প্রায় ৬টা ৩৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে আর্টেমিস-টু। 

আর্টেমিস-টু মিশনের অংশ হিসেবে শক্তিশালী স্পেস লঞ্চ সিস্টেম বা এসএলএস রকেটটি কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। রকেটটির মাথায় ছিল ওরিয়ন ক্রু ক্যাপসুল। 

এই অভিযানে অংশ নেয়া চার নভোচারী হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। তারা সবাই ওরিয়ন ক্যাপসুলে অবস্থান করছেন। 

১০ দিনের এই মিশনে তারা চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন। এই দলটি মানব ইতিহাসে সবচেয়ে দূরে মহাকাশে ভ্রমণের রেকর্ড গড়তে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

মিশনের অংশ হিসেবে, উৎক্ষেপণের সাড়ে তিন ঘণ্টা পর ওরিয়ন ক্যাপসুলটি রকেট থেকে আলাদা হয়ে নিজস্ব নিয়ন্ত্রণে বিভিন্ন পরীক্ষা চালাবে। আর্টেমিস মিশনের শুরু ২০১৭ সালে। এর লক্ষ্য, আগামী দশকের মধ্যে চাঁদে মানুষের স্থায়ী উপস্থিতি গড়ে তোলা।

ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) বলছে, ২০২৮ সালের মধ্যে আবারও মানুষকে চাঁদের মাটিতে নামানো সম্ভব হবে।