মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক।
নিউইয়র্কের সময় অনুযায়ী বুধবার দুপুরে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে মহাসচিবের পক্ষে সংস্থাটির এই অবস্থানের কথা তুলে ধরেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে একাত্তর টিভির প্রতিবেদক আবু সুফিয়ান প্রশ্ন করেন, মিয়ানমার এখন একটি নতুন সরকারের নেতৃত্বে রয়েছে এবং বাংলাদেশও প্রায় দুই মাস আগে একটি নতুন সরকার গঠন করেছে। রোহিঙ্গা সংকটকে একটি আঞ্চলিক নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করা হয়। এই সমস্যাগুলো সমাধানের জন্য উভয় দেশের প্রতি জাতিসংঘের মহাসচিবের পরামর্শ কী?
জবাবে মুখপাত্র বলেন, আমি মনে করি এটা স্পষ্ট যে, বাংলাদেশ যখন তার নিজস্ব সংগ্রাম, উন্নয়নের সংগ্রামের সাথে লড়াই করছে, তখন আমার বিশ্বাস দশ লক্ষেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়ে অত্যন্ত উদারতার পরিচয় দিয়েছে।
তিনি আরও বলেন, আর মিয়ানমারের ক্ষেত্রে, শুধু গণতন্ত্রে প্রত্যাবর্তনই দেখতে চাই না, বরং এমন একটি সমাজ গঠন দেখতে চাই যেখানে মিয়ানমারের প্রত্যেক ব্যক্তি, ধর্ম বা জাতিগত পরিচয় নির্বিশেষে, অনুভব করবে যে তারা এই সমাজেরই অংশ এবং রাষ্ট্র দ্বারা সুরক্ষিত। শরণার্থীরা তখনই ফিরে যাবে যখন তারা এমনভাবে ফিরতে পারবে যা নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ।