মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনের জাহাজ

মার্কিন অবরোধ ও নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই চীনের একটি বাণিজ্যিক জাহাজ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। 

বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম এই নৌপথ অবরোধ নিয়ে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই চীনা জাহাজটির চলাচল নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট বিশ্লেষকরা বলছেন, এতে করে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।

মঙ্গলবার মিডল ইস্ট আই এর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’ ও ‘কেপলার’ চীনা জাহাজের হরমুজ প্রণালী অতিক্রমের বিষয়টি নিশ্চিত করেছে।  

হরমুজ প্রণালীর অবরোধ শুরু হওয়ার পর এই প্রথম উপসাগরীয় এলাকা থেকে ‘রিচ স্টারি’ নামে চীনা কোনো ট্যাংকার বের হওয়ার খবর পাওয়া গেলো।

মাঝারি আকারের ওই জাহাজটি ‘সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেড’-এর মালিকানাধীন। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় দুই লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল নিয়ে যাচ্ছিল। 

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর রোববার ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক দীর্ঘ সোশ্যাল মিডিয়া বার্তায় তিনি জানান, মার্কিন নৌবাহিনী অবিলম্বে পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ অবরোধ শুরু করবে।

এর জবাবে একই দিন রাতে এক বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, হরমুজ প্রণালী দিয়ে কোনো সামরিক জাহাজ (মার্কিন জাহাজ) চলাচলের চেষ্টা- দুই সপ্তাহের যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর জবাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।