ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
দেশটির আজুয়াই প্রদেশের আন্দিয়ান অঞ্চলে স্থানীয় সময় বুধবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা কর্মকর্তারা।
কুইটো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইকুয়েডরের জরুরি সেবা সংস্থা ‘ইসিইউ৯১১’ এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুর্ভাগ্যবশত, আজুয়াই প্রদেশের আন্দিয়ান অঞ্চলের মলেতুরোর কাছে এই দুর্ঘটনায় ১১ জন মারা গেছেন।’
দক্ষিণ আমেরিকার এই দেশটিতে সড়ক দুর্ঘটনা মৃত্যুর অন্যতম প্রধান কারণ।
গত বছর ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।